সাবিনার ক্যারিয়ার সেরা মুহূর্ত
সাফ চ্যাম্পিয়নশিপ প্রাপ্তির শেষ নেই বাংলাদেশ অধিনায়কের।
একমাত্র আক্ষেপ হয়তো ফাইনালে গোল না পাওয়া! দল শিরোপা জেতার পর সাবিনা খাতুনের সেটাও ততটা থাকার কথা নয়। দেশের প্রথম সাফ শিরোপাজয়ী অধিনায়ক, এটাই আনন্দে ভেসে যাওয়ার জন্য যথেষ্ট। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি বড় প্রাপ্তি, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলের পুরস্কার। সব মিলিয়ে সাবিনার কাছে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার জমজমাট ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা জিতেছে বাংলাদেশ। জোড়া গোলের আলো ছড়িয়েছেন কৃষ্ণা রানী সরকার। অন্য গোলটি করেছেন শামসুন্নাহার জুনিয়র।
ম্যাচ শেষে দল নিয়েই বেশি বললেন সাবিনা। নিজের অর্জনে সন্তুষ্টির কথা জানিয়ে দিলেন আরও উন্নতির প্রতিশ্রুতি।
“মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছি…নিজের চেষ্টা এবং পরিশ্রম মাঠে দিয়ে গেছি, তার পুরস্কার অবশেষে পেয়েছি। নিঃসন্দেহে এই টুর্নামেন্ট আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত।”
“সবসময় আমি একটা জিনিস ভাবি, নিজের মানের আরও উন্নতি করার কোনো বিকল্প নেই। সবসময় নিজেকে বেটার ফুটবলার হিসাবে তৈরি করতে হবে, যদি আপনি দেশকে কিছু দিতে চান। এখন আমরা দক্ষিণ এশিয়ায় ট্রফি জিতেছি, এরপর স্বপ্নটা যখন আরও বড় হবে, তখন নিজেরও ভালো করার পরিকল্পনা থাকতে হবে। যেহেতু এখন দেশের মানুষ ফুটবলের উপর আস্থা রাখছে, আমরা সেভাবেই কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ।”
সাফের পাঁচ আসরে খেলার অভিজ্ঞতা নিয়ে এসে কাঠমান্ডুতে অধরা শিরোপা জিতলেন সাবিনা। কেবল তার নিজের নয়, দলেরও অনেক কিছু প্রমাণের ছিল বলেও জানালেন তিনি।
“আমরা আত্মবিশ্বাসী ছিলাম। আমি যেহেতু দীর্ঘদিন ফুটবলের সঙ্গে আছি, তো আমি এই অভিজ্ঞতা কাজে লাগাতে চেয়েছিলাম। ডে বাই ডে আমি ম্যাচে সেটাই প্রয়োগ করার চেষ্টা করি। নেপাল ও ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষ দল। আমাদের লক্ষ্য ছিল, বাংলাদেশের মেয়েদের ফুটবল যে উন্নতি করছে, সেটা এই টুর্নামেন্টে প্রমাণ করব।”
“উৎসব…(হাসি) আপনারা তো ইতোমধ্যে দেখেছেন মেয়েরা মাঠে কেমন উল্লাস করেছে। আমার মনে হয় ট্রফি নিয়ে দেশে ফেরার পর আসল উদযাপনটা করবে।”
