রক্ষণ নিয়ে ‘ভয়’ কাটছে না বেলজিয়ামের
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মূল লড়াই শুরুর আগে কয়েক জন খেলোয়াড় চোট কাটিয়ে ওঠার পথে থাকলেও বেলজিয়াম কোচের দুর্ভাবনা শেষ হচ্ছে না পুরোপুরি।
কেউ চোট কাটিয়ে ওঠার পথে রয়েছেন; কেউ সুস্থ হয়ে পুরোদমে শুরু করেছেন অনুশীলন। এতে বেলজিয়াম কোচ দোমেনিকো তেদেসকোর মনে কিছুটা স্বস্তি ফিরেছে বটে, কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মাঠের লড়াই শুরুর আগে রক্ষণ নিয়ে শঙ্কার মেঘ কাটেনি পুরোপুরি।
জার্মানিতে তাঁবু ফেলার পর শুরু হওয়া ক্যাম্পে শুক্রবারের অনুশীলনে তীব্রতা বাড়ান আর্থুর থিয়াটা ও ইয়ান ভার্টোনেন; তাতে করে রক্ষণের গুরুত্বপূর্ণ এই দুই খেলোয়াড়ের পুরোপুরি ফিট হয়ে ওঠার সম্ভাবনা জোরাল হয়েছে।
গত মাসে দল ঘোষণার সময়ই ইউরি তিয়েলেমান্স চোটে ছিলেন, পরিপূর্ণ অনুশীলনে ফিরেছেন তিনি। কিন্তু অবসর ভেঙে ফেরা অভিজ্ঞ আক্সেল উইটসেলকে প্রথম ম্যাচে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আগামী সোমবার ফ্রাঙ্কফুর্টে স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর যাত্রা শুরু করবে ১৯৮০ সালে প্রথম ও সবশেষ এই প্রতিযোগিতার ফাইনাল খেলা বেলজিয়াম।
তেদেসকো অবশ্য আগেই বলেছিলেন, চোটাক্রান্তদের সেরে ওঠার জন্য প্রতিযোগিতা মাঠে গড়ানো পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। বিশেষ করে ফুল-ব্যাক পজিশনে হাতে বিকল্প বেশি না থাকায় থিয়াটা ও অভিজ্ঞ ভার্টোনেনের পুরোপুরি ফিট হয়ে ওঠার দিকে তাকিয়ে ছিলেন বেলজিয়াম কোচ।
তারা একক অনুশীলনে বিগত সপ্তাহগুলোতে পরিশ্রম বাড়িয়েছিলেন গত বৃহস্পতিবারের ওয়ার্ম-আপ ম্যাচ খেলার জন্য। শুক্রবার পুরো দলের সঙ্গে অনুশীলনও করেছেন তারা, যেটা তাদের উন্নতির পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কিন্তু ধারণা করা হচ্ছে সোমবারের ম্যাচে খেলতে পারবেন না দুজনের কেউই।
গত বুধবার থেকে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেন তিয়েলেমান্স, কিন্তু শুক্রবারের প্রস্তুতি থেকে উইটসেলকে বাদ দেওয়া হয় ‘অজানা’ চোটের কারণে। কাতার বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় বলে দিয়েছিলেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার। রক্ষণের গভীরতা বাড়াতে তেদেসকো তাকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে এনেছেন ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য। আতলেতিকো মাদ্রিদের রক্ষণে গত মৌসুমেও মুগ্ধতা ছড়িয়েছিলেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।
আগেই নিশ্চিত ছিল, স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচে ফুল-ব্যাক তমা মুনিয়েকে বেলজিয়াম পাবে না। লুক্সেমবার্গের বিপক্ষের প্রীতি ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। ফলে, সব মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, ইউরোয় বেলজিয়ামকে যাত্রা শুরু করতে হবে দুর্বল, নড়বড়ে রক্ষণভাগ নিয়ে।
