১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলের কোপা আমেরিকা দলে এন্দ্রিক, নেই কাসেমিরো

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে আরও জায়গা পাননি আর্সেনালের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস ও টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড রিশার্লিসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 07:15 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

জাতীয় দলের হয়ে সবশেষ দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন এন্দ্রিক। তরুণ এই ফরোয়ার্ডকে নিয়ে কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।

মাস কয়েক আগেও ব্রাজিল দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন কাসেমিরো। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে চলতি মৌসুমে সাদামাটা পারফরম্যান্সের জন্য এবার আর ডাক পেলেন না এই ডিফেন্সিভ মিডফিল্ডার। 

মহাদেশ সেরার শিরোপা পুনরুদ্ধারের অভিযানের জন্য শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন দরিভাল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে আরও জায়গা পাননি আর্সেনালের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস ও টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড রিশার্লিসন।

রিশার্লিসন অবশ্য পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি। ক্লাবের হয়ে খেলার সময় পায়ের পেশিতে তিনি চোট পেয়েছেন বলে জানিয়েছেন  দরিভাল।

“রিশার্লিসন পায়ের পেশিতে চোট পেয়েছে। বিষয়টি এখনও ক্লাব আনুষ্ঠানিকভাবে জানায়নি, তবে আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং সে আমাদের জানিয়েছে।”

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকা শেষ করে পালমেইরাসের টিনএজার এন্দ্রিক যোগ দেবেন রেয়াল মাদ্রিদে। জাতীয় দলের হয়ে এরই মধ্যে চারটি ম্যাচ খেলেছেন ১৭ বছর বয়সী এই ফুটবলার। গত মার্চের দুটি ম্যাচে তার পারফরম্যান্স ছিল অসাধারণ।

গত বছরের ব্যর্থতায়-ভরা পারফরম্যান্সের পর এই বছরের শুরুতে একের পর এক চোট আঘাত হানে ব্রাজিল দলে। চোটজর্জর দল নিয়ে মার্চে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে নামে তারা; তাদের শুরু একাদশেই পাঁচজনের অষিষেক হয়। সেদিনই বদলি হিসেবে মাঠে নামার ৯ মিনিটের মাথায় দলের একমাত্র ও জয়সূচক গোলটি করেন এন্দ্রিক।

ছয় মাস পর সেটি ছিল ব্রাজিলের প্রথম জয়। তিন দিন পর স্পেনের মাঠে রোমাঞ্চকর লড়াইয়েও জালের দেখা পান এন্দ্রিক। আগে থেকেই তাকে অনেকে ডাকতে শুরু করেছে নতুন পেলে নামে। চার ম্যাচে দুই গোল করার পর তাকে ঘিরে প্রত্যাশা বেড়েছে আরও। 

হাঁটুর চোটের কারণে অনেক আগে থেকেই মাঠের বাইরে আছেন নেইমার। খুব স্বাভাবিকভাবেই আসছে টুর্নামেন্টের দলে নেই আল হিলালের এই ফরোয়ার্ড।

রেয়াল মাদ্রিদকে লা লিগা জেতানো ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো জুটির কাঁধে থাকবে ব্রাজিলের আক্রমণভাগের ভার।

কোপা আমেরিকায় সবশেষ ২০১৯ সালে শিরোপা জিতেছিল ব্রাজিল। শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে গত আসরে ঘরের মাঠে ফাইনালে তারা হেরে যায় আর্জেন্টিনার বিপক্ষে। আর এবার বিশ্বকাপ বাছাইপর্বে ভীষণ বাজে পারফরম্যান্সের পর খেলতে যাচ্ছে দলটি। 

বাছাইয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে তারা জিতেছে মাত্র দুটি, পয়েন্ট টেবিলে আছে ষষ্ঠ স্থানে; শেষের চার ম্যাচে একটি ড্রয়ের পর হারে পরের তিনটিতে। তবে, তাদের আশার পালে দোলা দিচ্ছে মার্চের ওই দুই ম্যাচের পারফরম্যান্স। 

আগামী ২০ জুন শুরু হবে এবারের কোপা আমেরিকা। তার আগে ৮ জুন মেক্সিকোর বিপক্ষে এবং চার দিন পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দরিভালের দল।

আগামী ২৪ জুন কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আসরের যাত্রা শুরু হবে ব্রাজিলের। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া। 

কোপা আমেরিকার জন্য ব্রাজিল দল:

গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আথলেতিকো-পিআর)

ডিফেন্ডার: দানিলো (ইউভেন্তুস), ইয়ান কুতো (জিরোনা), গিলেরমো আরানা (আতলেতিকো-এমজি), ওয়েন্দেল (পোর্তো), বেরাল্দো (পিএসজি), মার্কিনিয়োস (পিএসজি), গাব্রিয়েল (আর্সেনাল), এদের মিলিতাও (রেয়াল মাদ্রিদ)  

মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহ্যাম), ব্রুনো গিমারাইস (নিউক্যাসল ইউনাইটেড), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), জোয়াও গোমেস (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড)

ফরোয়ার্ড: এন্দ্রিক (পালমেইরাস), গাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), এভানিলসন (পোর্তো), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো (রেয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (রেয়াল মাদ্রিদ), সাভিনিয়ো (জিরোনা)