২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সহজ জয়ে সেমিতে বসুন্ধরা কিংস

সোহেল রানা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এমফন উদোহ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2024, 05:21 PM

Updated : 16 Apr 2024, 06:20 PM

লড়াইটা ছিল বসুন্ধরা কিংসের শক্তিশালী আক্রমণভাগ বনাম রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির রক্ষণভাগের। পুরান ঢাকার দলটি বেশিক্ষণ পারল না রক্ষণের দৃঢ়তা ধরে রাখতে। সহজ জয়ে ফেডারেশন কাপের সেমি-ফাইনালে উঠল অস্কার ব্রুসনের দল।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালে ২-০ গোলে জিতেছে কিংস। প্রতিযোগিতার দুই বারের চ্যাম্পিয়নদের জয়ের ম্যাচে দুই গোলদাতা সোহেল রানা ও এমফন উদোহ।

ঈদ উল ফিতরের বিরতির পর ফেডারেশন কাপ দিয়ে মাঠে ফিরল শীর্ষ পর্যায়ের ফুটবল। অবশ্য ঈদের আগেই শিরোপাধারী মোহামেডান নিশ্চিত করেছিল সেরা চারে খেলা। এবার করল কিংস। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ফর্টিস এফসি ও আবাহনীর মধ্যের আগামী ৩০ এপ্রিলে অনুষ্ঠেয় চতুর্থ কোয়ার্টার-ফাইনালের জয়ী দল।

কিংসের আগ্রাসী আক্রমণভাগের সামনে রহমতগঞ্জের প্রতিরোধ টিকে ২৪তম মিনিট পর্যন্ত। রবসন দি সিলভা রবিনিয়ো বক্সে ঢুকে বুদ্ধিদ্বীপ্ত পাসে বক্সের প্রান্ত থেকে সোহেল রানা বাম পায়ের জোরালো শটে সে প্রতিরোধ ভাঙেন। গোলকিপার মামুন আলিফ ঝাঁপিয়েও পাননি বলের নাগাল। একটু পর এমফন উদোহর শট আটকে ব্যবধান বাড়তে দেননি আলিফ।

বিরতির আগে সমতার স্বস্তি সঙ্গী হতে পারত ২০২১-২২ মৌসুমের রানার্সআপ রহমতগঞ্জের। কিন্তু ৪২তম মিনিটে মিনিটে ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল মেনসা কনির বক্সে ঢুকে জোরালো শট সরাসরি আসায় আটকে দেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।

৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় কিংস। রবিনিয়োর থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে উদোহ আগুয়ান আলিফের মাথার উপর দিয়ে চিপ শটে বল জড়িয়ে দেন জালে। তাতে ম্যাচ হেলে পড়ে কিংসের দিকে।

এরপর কেবল ঘড়ির কাঁটা ঘুরেছে। জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ায় ব্যবধান বাড়াতে মরিয়া ছিল না কিংস। অন্যদিকে রহমতগঞ্জও পারেনি অভাবনীয় কোনো চমক দেখাতে।