১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারের সৈকতে হঠাৎ ঢলে পড়ে পর্যটকের মৃত্যু

আকস্মিক হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই পর্যটকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন চিকিৎসক।

কক্সবাজারের সৈকতে হঠাৎ ঢলে পড়ে পর্যটকের মৃত্যু
সৈকতে কর্তব্যরত সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা পর্যটককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2025, 07:27 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

কক্সবাজারের সৈকতে ঘোরার সময় হঠাৎ ঢলে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল পৌনে ৯টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটেছে বলে জানান পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি।

মারা যাওয়া পর্যটক মতিউর রহমান (৪০) কুমিল্লা জেলার বুড়িশ্চং এলাকার বাসিন্দা।

ওসমান গণি বলেন, সকাল পৌনে ৯টার দিকে সৈকতে জনৈক পর্যটক ঘুরাঘুরি করছিলেন ও মোবাইলে কথা বলছিলেন। এ সময় তিনি হঠাৎ বালিয়াড়িতে ঢলে পড়েন এবং অচেতন হয়ে পড়েন।

তিনি বলেন, “এ সময় সেখানে কর্তব্যরত সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা ঘটনাটি দেখতে পেয়ে তাৎক্ষণিক ওই পর্যটককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।“

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, “সকাল ৯টার পরপরই সৈকতের লাইফ গার্ড কর্মীরা এক পর্যটককে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।”

আকস্মিক হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই পর্যটকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণার তথ্য দিয়ে তিনি বলেন, “তীব্র গরমে হিটস্ট্রোকে নাকি অন্য কোনো কারণে মারা গেছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।“

মারা যাওয়া পর্যটকের মৃতদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান আশিকুর রহমান।