২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় শেরপুরে ৬ বিএনপি নেতা বহিষ্কার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2024, 01:22 AM

Updated : 26 Aug 2026, 09:31 AM

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় শেরপুরের দুই উপজেলায় ছয়জনকে বহিষ্কার করেছে বিএনপি।

শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয় বলে শেরপুর জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল জানিয়েছেন। 

বহিষ্কাররা হলেন- শ্রীবরদী উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম সাইফুল মালেক, শ্রীবরদী শহর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়দুল ইসলাম রাজন ও উপজেলার গোসাইপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাদমান সৌমিক মুন। 

ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা বিএনপি ও উপজেলা বিএনপির সদস্য মো. আমিনুল ইসলাম বাদশা এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন। 

চিঠিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা বিএনপি এবং উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম বাদশা বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না । এখনো কোনো চিঠি পাইনি। পেলে পরে এ বিষয়ে কথা বলা যাবে।”