২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

আর্থিক সেবা নিশ্চিত করতে পারে নতুন নতুন উদ্ভাবন: অর্থ প্রতিমন্ত্রী

“পনের বছর আগে দপ্তর ও সংস্থা ইনোভেশনের কথা চিন্তাও করতে পারত না।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 02:56 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দপ্তর সংস্থাগুলোর নতুন নতুন উদ্ভাবন জনগণের স্মার্ট আর্থিক সেবা নিশ্চিতে সহযোগিতা করবে বলে আশা করছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

মঙ্গলবার সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দপ্তর-সংস্থার অংশগ্রহণে ইনোভেশন প্রদর্শনী ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন অনুষ্ঠানে তিনি এই আশার কথা বলেন। 

অর্থ প্রতিমন্ত্রী বলেন, “পনের বছর আগে দপ্তর ও সংস্থা ইনোভেশনের কথা চিন্তাও করতে পারত না। আজ এতগুলো ইনোভেশন সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলে। 

“আর্থিক প্রতিষ্ঠানের প্রতিটি উদ্যোগই চমৎকার। এখন আমাদের লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। যারা আমাদের গ্রাহক, তাদের সেবা দেওয়া আমাদের উদ্ভাবনের লক্ষ্য।” 

তিনি বলেন, “জাতির পিতা সমবায় সমিতি চালু করেছিলেন কৃষকের উন্নয়নের লক্ষ্যে। কৃষি ও কৃষকের উন্নয়নে জাতির পিতার উদ্ভাবনী উদ্যোগ ছিল সময়ে চেয়ে এগিয়ে। ২০০৮ সালের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপান্তরকারী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে বিশ্বে রোল মডেল।”

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে এ বিভাগের ২৫টি দপ্তর ও সংস্থার প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন চিফ ইনোভেশন অফিসার অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ।