ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
Published : 13 Jun 2024, 08:20 PM
চ্যাম্পিয়ন ইতালির মুকুট ধরে রাখার সম্ভাবনা নিয়ে তেমন জোর আলোচনা চলছে না। তবে এই দলে মেধাবী ও দৃঢ় মানসিকতার খেলোয়াড়ের কমতি দেখছেন না জানলুইজি বুফ্ফন। কিংবদন্তি এই গোলকিপার প্রতিপক্ষকে সতর্ক করে দিয়ে তাই বললেন- ইতালিকে খাটো করে দেখাটা ভুল হবে।
গত দুই বিশ্বকাপে বাছাই উৎরাতে ব্যর্থ হওয়ার মাঝেই ইতালি চমক দেখিয়েছিল গত ইউরোর মুকুট জিতে। এবারের ইউরোর বাছাইয়ের বৈতরণীও দলটি পার হয় গ্রুপের শেষ ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ড্র করে।
জার্মানিতে শুক্রবার শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসর। মুকুট ধরে রাখার মিশন ইতালি শুরু করবে পরের দিন আলবেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
‘বি’ গ্রুপে ইতালির পথচলা অবশ্য ভীষণ কঠিন হতে পারে। ইউরোর তিনবারের চ্যাম্পিয়ন স্পেন ও শক্তিশালী ক্রোয়েশিয়া আছে তাদের গ্রুপে। তবে বুফ্ফনের বিশ্বাস গ্রুপ পর্বের কঠিন বাধা পেরিয়ে ঠিকই তার উত্তরসূরিরা নোঙর ফেলবে নকআউট পর্বে।
“আমার বিশ্বাস, এই জাতীয় দলকে (ইতালি) অবমূল্যায়ন করা হয়। কিন্তু এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল, বিশেষ করে এই দলের সব খেলোয়াড়ের বৈশিষ্ট ও শক্তির কারণে।”
ইতালির হয়ে ১৭৬ ম্যাচ খেলা বুফ্ফন ২০০৬ সালে জিতেছিলেন বিশ্বকাপ। ইউরো চ্যাম্পিয়নশিপে খেলতে আসা দলের হেড অব ডেলিগেশনের দায়িত্বে আছেন ৪৬ বছর বয়সী সাবেক গোলকিপার।
এই দায়িত্বের সুবাদে জার্মানির আসর নিয়ে উত্তরসূরিদের মনোভাব, প্রত্যাশা, তাদের সামর্থ্য খুব কাছ থেকে দেখছেন বুফ্ফন। সেই দেখা থেকেই দল নিয়ে দারুণ আশাবাদী তিনি।
“দেশের প্রতি ও ইতালির জার্সির প্রতি তাদের যে আবেগ, তা দেখে আমি সবচেয়ে বেশি বিস্মিত হই এবং সবচেয়ে আনন্দ অনুভব করি।”
“এই দলে চার-পাঁচ বা ছয় জন খেলোয়াড় আছে, যারা বিশ্বমানের। দুর্দান্ত একটা দল আমাদের আছে এবং ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে সাহায্য করার মতো কিছু দারুণ খেলোয়াড়ও আছে এই দলে।”