১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘সব ভালো গল্পের শেষ আছে’, সিটি ছাড়ছেন অধিনায়ক সিলভা

ম্যানচেস্টার সিটির জার্সিতে ১৯টি ট্রফির স্বাদ পাওয়া মিডফিল্ডারের পথচলা থেমে যাচ্ছে এই ক্লাবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 04:35 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ। ম্যানচেস্টার সিটিতে বের্নার্দো সিলভার পথচলারও সমাপ্তি। এই ক্লাবে তার চুক্তির মেয়াদ আর বাড়ছে না। ক্লাবের অধিনায়ক, এই ক্লাবের জার্সিতে ১৯টি ট্রফিজয়ী মিডফিল্ডার চলতি মৌসুম শেষেই ছেড়ে যাবেন এই আঙিনা।

ম্যানচেস্টার সিটির সহকারী কোচ পেপ লাইন্ডার্স রোববার নিশ্চিত করেন, মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছেড়ে যাবেন ৩১ বছর বয়সী তারকা। 

“সব ভালো গল্পেরই শেষ আছে। আশা করি, সে (সিলভা) তার শেষ সপ্তাহগুলো উপভোগ করবে….আর মাত্র ছয় সপ্তাহ বাকি এবং শেষে সুন্দরভাবে বিদায় নিতে পারবে। সবটুকু মনোযোগ ও আকর্ষণ তার প্রাপ্য।”

সিটির প্রধান কোচ পেপ গুয়ার্দিওলা অবশ্য কিছুদিন আগে বলেছিলেন, সিলভার কোনো বিকল্প নেই।

পর্তুগিজ এই তারকা ৮ বছর বয়সে পা রাখেন নিজ দেশের ক্লাব বেনফিকার একাডেমিতে। এই ক্লাবের হয়েই ১৯ বছর বয়সে অভিষেক পেশাদার ফুটবলে। ২০১৫ সালে তিনি ধারে খেলতে যান মোনাকোয়। পরে ফরাসি ক্লাবটিতেই পাড়ি জমান নতুন চুক্তিতে।

সেখান থেকে ২০১৭ সালে ম্যানচেস্টার সিটিতে আসেন। ক্রমে হয়ে ওঠেন দলের অপরিহার্য অংশ। কৌশলগত বহুমুখিতা, অসাধারণ টেকনিক এবং অক্লান্ত ছুটে বেড়ানোর জন্য পরিচিত মিডফিল্ডার গুয়ার্দিওলার সিটিতে ছিলেন দলের প্রাণভ্রোমরা। 

এই ক্লাবের জার্সিতে খেলেছেন তিনি সাড়ে চারশর বেশি ম্যাচ। জিতেছেন ৬টি প্রিমিয়ার লিগ, ৫টি লিগ কাপ, ৩টি কমিউনিটি শিল্ড, ২টি এফএ কাপ, ১টি করে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ।