২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত, পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

মুকুট ধরে রাখার মিশনে গ্রুপ পর্বে গতবারের প্রতিপক্ষদেরই পেল মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2024, 06:32 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

সাফ উইমেন'স চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার অভিযানে গ্রুপ পর্বে চেনা প্রতিপক্ষ পেল বাংলাদেশ। গতবারের মতো এবারও ভারত ও পাকিস্তান 'এ' গ্রুপে আছে বাংলাদেশের সঙ্গে।

ঢাকায় সাফের কংগ্রেসে শনিবার হয়ে গেল ড্র। 'বি' গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গে আছে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। 

সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল মেয়েরা। কাঠমান্ডুর সেই দশরথ স্টেডিয়ামে হবে এবারের আসর।

গত আসরে গ্রুপ পর্বের দেখায় ভারত ও পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ভারতের বিপক্ষে সাবিনা-সানজিদারা জিতেছিলেন ৩-০ ব্যবধানে। 

এবারও দুই গ্রুপের সেরা চার দল যাবে সেমি-ফাইনালে। 'এ' গ্রুপ তিন দলের হওয়ায় বাংলাদেশের সেমির রাস্তা সহজই বলা যায়।

এদিন অনুষ্ঠিত হয়েছে সাফের বয়সভিত্তিক দুটি টুর্নামেন্টের ড্রও। দুটিতেই 'এ' গ্রুপে পড়েছে বাংলাদেশ। ছেলেদের অনূর্ধ্ব-২০ এ বাংলাদেশের তিন প্রতিপক্ষ নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা; ১৬-২৬ আগস্ট নেপালে হবে প্রতিযোগিতাটি। আর অনূর্ধ্ব-১৭ তে প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ; ১৮-২৬ সেপ্টেম্বর ভুটানে হবে কিশোরদের এই টুর্নামেন্ট।