৭ গোলের রোমাঞ্চে পিএসজির নাটকীয় জয়, নেইমারের চোট
হারের মুখ থেকে শেষ দিকের দুই গোলে জয় পেয়েছে ক্রিস্তফ গালতিয়ের দল।
দুঃসময়ের বলয়ে আটকে থাকা পিএসজি শুরুটা করল দারুণ। ১৭ মিনিটের মধ্যে লিলের জালে তারা বল পাঠাল দুইবার। এরপর খেই হারিয়ে ফেলল দলটি। ৩ গোল হজম করে পড়ে গেল হারের শঙ্কায়। তবে শেষ দিকে কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসির গোলে নাটকীয় জয় পেল ক্রিস্তফ গালতিয়ের দল।
ঘরের মাঠে রোববার লিগ ওয়ানের ম্যাচটি ৪-৩ গোলে জিতেছে পিএসজি। এমবাপে করেন জোড়া গোল, নেইমার ও মেসি একটি করে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হারের পর জয়ের স্বাদ পেল পিএসজি। চোট পেয়ে স্ট্রেচারে করে নেইমার মাঠ ছাড়ায় দুর্ভাবনাও সঙ্গী হলো তাদের।
এমবাপের দারুণ গোলে একাদশ মিনিটে এগিয়ে যায় পিএসজি। নেইমারের পাস ধরে বাম দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন ফরাসি ফরোয়ার্ড। সেখানে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে এগিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
ছয় মিনিট পরই দ্বিগুণ হয় ব্যবধান। বক্সে গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে ভিতিনিয়া দারুণভাবে পাস দেন নেইমারকে। বাকিটা অনায়াসে সারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
২৪তম মিনিটে একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরে লিল। আন্দ্রে গোমেসের কর্নারে হেডে গোলটি করেন দিয়াকিতে।
দ্বিতীয়ার্ধের শুরুতে বড় এক ধাক্কা খায় পিএসজি। অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার।
পাঁচ মিনিট পরই জোনাথন ডেভিডের সফল স্পট কিকে সমতায় ফেরে সফরকারীরা। ডি-বক্সে লিলের একজনকে মার্কো ভেরাত্তি ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
৬৯তম মিনিটে এগিয়ে যায় লিল। গোমসের পাস ধরে জোরাল শটে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড জোনাথান বাম্বা।
পরাজয় তখন চোখ রাঙাচ্ছিল পিএসজিকে। নির্ধারিত সময়ের মাত্র তিন মিনিট বাকি থাকতে দলকে সমতায় ফেরান এমবাপে। হুয়ান বের্নাতের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
সাত মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দলকে এগিয়ে নেন মেসি। আর্জেন্টাইন তারকার চমৎকার ফ্রি-কিকে বল পোস্টে লেগে জড়ায় জালে।
২৪ ম্যাচে ১৮ জয় ও ৩ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।
২৪ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে লিল।
