পিএসজির অভিযোগের প্রেক্ষিতে ফ্রান্স কোচের জবাব
কোনো ক্লাব ও জাতীয় দল প্রতিপক্ষ নয় বলে মনে করেন দিদিয়ে দেশম।
চোট শঙ্কা থাকার পরও ফ্রান্স দলের হয়ে মাঠে নেমে বিপদ ডেকে এনেছেন উসমান দেম্বেলে ও দিজিরে দুয়ে, তাতে বেজায় ক্ষেপেছে তাদের দল পিএসজি। দুজনই মাঠ থেকে আপাতত ছিটকে পড়ায় ক্লাবটির সব ক্ষোভ গিয়ে পড়েছে ফরাসি ফুটবল দলের স্টাফদের ওপর। তবে, ফ্রান্স কোচ দিদিয়ে দেশম এতে নিজেদের কোনো দায় দেখছেন না।
বিশ্বকাপ বাছাইয়ে গত শুক্রবার ইউক্রেইনের বিপক্ষে ফ্রান্সের ২-০ গোলে জয়ের ম্যাচে চোট পান দুই উইঙ্গার দেম্বেলে ও দুয়ে। পরদিন গত মৌসুমের ট্রেবল জয়ী পিএসজি জানায়, দেম্বেলের হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর। তাকে ছয় সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে। আর ডান পায়ের পেশিতে চোট পাওয়া ২০ বছর বয়সী দুয়ে মাসখানেকের জন্য ছিটকে গেছেন।
২৮ বছর বয়সী দেম্বেলের চোট নিয়ে শঙ্কার কথা আগেই শোনা গিয়েছিল। ইউক্রেইন ম্যাচ থেকে তার ‘ছিটকে পড়ার’ খবরও বেরিয়েছিল। কিন্তু পায়ে অস্বস্তি অনুভব করা দুয়ের বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি।
পিএসজির ভাষ্য, তারা এই দুজনেরই হালকা চোট সমস্যা থাকার কথা এবং এই অবস্থায় খেললে তা গুরুতর হয়ে উঠতে পারে বলে আগেই জানিয়েছিল ফ্রান্স দলের মেডিকেল স্টাফদের। তারপরও তাদেরকে মাঠে নামানো এবং শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ায় ক্ষেপেছে প্যারিসের ক্লাবটি।
তাদের অভিযোগের বিষয়ে সোমবার সংবাদ সম্মেলনে আত্মপক্ষ সমর্থন করেন দেশম।
“দেম্বেলে ও দুয়ের চোট পাওয়াটা অবশ্য হতাশাজনক এবং আগামীকালের ম্যাচের জন্য আমরা গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড়তে হারিয়েছি।”
“তবে তাদের ঘিরে আমরা সবকিছু পেশাদারিত্বের সঙ্গে করেছি, যেমনটা আমরা সব খেলোয়াড়ের ক্ষেত্রে করে থাকি, তাদের ভাবনাগুলোর গুরুত্ব দেই।”
এই ঘটনায় জাতীয় দলের সঙ্গে খেলোয়াড়দের ক্লাবের সম্পর্কে জটিলতা তৈরি হবে কিনা, সেই আশঙ্কাও তৈরি হয়েছে। দেশম অবশ্য তেমন কোনো শঙ্কা দেখছেন না।
“বিষয়টি পিএসজির দুই খেলোয়াড় নিয়ে। তবে পিএসজি আমাদের প্রতিপক্ষ নয়- কখনোই কোনো ক্লাব তা ছিল না… আমাদের একমাত্র প্রতিপক্ষ আইসল্যান্ড এবং তাদের বিপক্ষে ম্যাচটা আগামীকাল।”
‘ডি’ গ্রুপে পরের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
আন্তর্জাতিক বিরতির পর আগামী ১৪ সেপ্টেম্বর লিগ ম্যাচে ঘরের মাঠে লঁসের মুখোমুখি হবে পিএসজি। তিন দিন পর আতালান্তার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে তারা।
এই দুই ম্যাচসহ সামনে আরও কিছু ম্যাচে দেম্বেলে ও দুয়েকে ছাড়াই খেলবে হবে লুইস এনরিকের দলকে।
