২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের রত্ন হয়ে উঠতে পারবেন এন্দ্রিক?

রেয়াল মাদ্রিদের জার্সিতে ইউরোপ মিশন শুরুর আগে আসছে কোপা আমেরিকায় পুরোপুরি মনোনিবেশ করতে চান এই তরুণ ব্রাজিলিয়ান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2024, 09:05 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

অল্প বয়সেই পাদপ্রদীপের আলোয় উঠে আসা এন্দ্রিকের বেড়ে ওঠার গল্পটা ত্যাগ আর সংগ্রামে ঠাসা। মাত্র ১৭ বছর বয়সেই তিনি কোপা আমেরিকা মিশনে যাচ্ছেন রীতিমতো তারকার তকমা নিয়ে। এরই মধ্যে যিনি জানান দিয়েছেন, ফুটবলের সবুজ আঙিনায় ছাপ রেখে যাওয়ার মেধা, সামর্থ্য তার আছে যথেষ্টই।

পুরো নাম এন্দ্রিক ফেলিপে মোরেইরা দি সৌজা। আক্রমণভাগের খেলোয়াড়, ফরোয়ার্ড। ফুটবলে যার হাতেখড়ি ব্রাজিলের আরও অনেক শিশুর মতো রাস্তায়। কাছের মানুষদের কাছে, তার জন্মই যেন ফুটবলের জন্য। মাত্র চার বছর বয়সে ফুটবলের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় এন্দ্রিকের। 

দেখা গেল, ১০ বছর বয়সেই ছেলেটি ফুটবলের বেশ সমঝদার এবং কৈশোরে সে বুঝেও নিল, জীবনের সব সমস্যাকে পেছনে ফেলে ভালো ভবিষ্যতের জন্য ফুটবলই তার পথ। তাগুয়াতিঙ্গার রাস্তা হয়ে, ব্রাসিলিয়ার উপকণ্ঠ ঘুরে, চড়াই-উৎরাইয়ের মধ্যে প্রাণ বাজি রেখে আঁকড়ে ধরলেন ফুটবল।

আসছে জুলাইয়ে ১৮ বছর পূরণ হবে এন্দ্রিকের। এই অল্প সময়ের মধ্যে অভিজ্ঞতার ঝুলি বেশ ভারি হয়ে উঠেছে তার। 

যদিও শুরুর পথটা মোটেও মসৃণ ছিল না। এন্দ্রিকের বাবা দগলাস ছেলের ফুটবল মেধার ভিডিও ইউটিউবে আপলোড করেছিলেন, ব্রাজিলের বড় বড় ক্লাবগুলোর কাছ থেকে সাড়া পেতে দেরি হলো না। প্রথম ‘পরীক্ষা’ দিলেন সাও পাওলোতে, এরপর করিন্থিয়ান্সে এবং সান্তোসেও, কিন্তু বিধি বাম! কোনো দলই তার সাও পাওলোতে আসার জন্য পর্যাপ্ত পারিশ্রমিক দিতে চাইল না। অবশেষে এন্দ্রিকের বাবা গেলেন পালমেইরাসে; পথও খুলে গেল।

সমস্যা হলো অন্যখানে। পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হবে এন্দ্রিককে। এন্দ্রিক ও তার মা সিন্থিয়া বাকি সন্তানদের নিয়ে থাকতেন ছোট এক ঘরে গাদাগাদি করে। একই স্বপ্ন নিয়ে বেড়ে উঠছিল তারাও। সন্তানদের রাতের আহার নিশ্চিত করতে ব্রাসিলিয়ায় খেলতে যেতে হতো বাবা দগলাসকে; যেদিন অর্থের সংস্থান হতো না, ভুখা পেটে ঘুমোতে যেতে হতো এন্দ্রিকদের। 

অবশেষে সৌভাগ্যের দরজা খুলল কিছুটা। এন্দ্রিককে নিয়ে যখন পালমেইরাসের মনে হলো, স্রেফ বাজি ধরা নয়, লাভের সম্ভাবনাও আছে, তারা তখন দগলাসকে পরিচ্ছন্নতা কর্মীর চাকরি দিল। পরিবারের জন্য নিজের চাওয়া-পাওয়াকে ‘বিসর্জন’ দিয়ে দিলেন বাবা দগলাস।

ছোটদের খেলায় প্রায় প্রতি ম্যাচেই গোল করতেন এন্দ্রিক এবং সব ক্যাটাগরিতেই হলেন চ্যাম্পিয়ন। বাছাইয়ে টিকে গেলেন এবং যে ক্লাবে বাবা পরিচ্ছন্নতাকর্মী, সেই ক্লাবেই চুক্তিবদ্ধ হলো ছেলে। দ্রুতই প্রথম বিভাগে অভিষেক হয়ে গেল তার। ইউরোপের ফুটবলের দরজাও খুলতে সময় লাগল না। সবকিছু যেন হতে লাগল চোখের পলকে!

২০২২ সালের ডিসেম্বরে রেয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিও হয়ে গেল ৬ কোটি ইউরোর। রেয়াল এরই মধ্যে দলে ভিড়িয়েছে কিলিয়ান এমবাপেকেও। তবে রোনালদো ও রোমারিও-দুই ব্রাজিলিয়ান কিংবদন্তির বৈশিষ্ট্যের ছাপ আছে এন্দ্রিকের খেলায়, এরই মধ্যে পাঁচটি ট্রফির স্বাদও পেয়েছেন তিনি, সব মিলিয়ে সান্তিয়াগো বের্নাবেউয়ে তিনি একদমই আনকোরা কেউ নন।

এখন এন্দ্রিকের সামনের চ্যালেঞ্জ কোপা আমেরিকা মিশন। আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে আলাপে সামনের কঠিন চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন এই ফরোয়ার্ড। গড়নের চেয়ে এক সাইজ বড় পুরোনো ধাঁচের শার্ট, ভাঁজ পড়া প্যান্ট পরে সাদাসিদেভাবে হাজির হন তিনি; কিন্তু তার কথায় ছিল পরিণত সুর, যেমনটা ঠিক বল পায়ে মাঠে তাকে দেখা যায়। ইউরোপের ফুটবল নিয়ে তার ভাবনাও জানিয়েছেন তিনি।

“ইউরোপের ফুটবল আমার কাছে যা চায়, তার কাছাকাছি পারফরম্যান্স আমি ব্রাজিলে করেছি। সবসময় আমি চাই প্রতিপক্ষের বের হয়ে আসার পথ কঠিন করে দিতে। যখন আমি ডিফেন্ডারদের নিরস্ত্র করে দিতে পারি, তখনই সবচেয়ে স্পষ্ট সুযোগ তৈরি হয়।”

স্বপ্নের ক্লাব রেয়ালের জার্সিতে মানিয়ে নেওয়ার জন্য অনেক কিছু রপ্ত করাও শুরু করে দিয়েছেন এন্দ্রিক। জানালেন, স্পেনের সফলতম দলটির অনেক ম্যাচ দেখেছেন, বিশ্লেষণ করেছেন, যাতে করে তাদের কৌশলের সঙ্গে মানিয়ে নেওয়া সহজতর হয়। 

কেবল ফুটবল বিষয়ক নয়, স্প্যানিশ ও ইংলিশ ক্লাসও শুরু করেছেন প্রথম দিন থেকে, যাতে করে মাঠের বাইরের পরিবেশের সঙ্গেও খাপ খাইয়ে নেওয়া যায় দ্রুত। জানালেন, এই নিবেদন তিনি শিখেছেন নিজের ‘আদর্শ’ ক্রিস্তিয়ানো রোনালদোর কাছ থেকে। পর্তুগিজ মহাতারকা এই তরুণের দৃষ্টিতে ‘নিবেদনের উদাহরণস্বরূপ’ এবং ‘সম্মিলিতভাবে সবার সেরা।’

তবে সবকিছুর আগে এন্দ্রিকের ভাবনাজুড়ে কেবলই কোপা আমেরিকা। কোপা আমেরিকা ও বিশ্বকাপ, সব বড় টুর্নামেন্টেই পারফরম্যান্স আর সাফল্যের বিচারে গত কয়েক বছরে লাতিন ফুটবলের আধিপত্যের রাজদন্ড ব্রাজিল হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে; তা ফিরে পাওয়ার তাড়াও আছে প্রবলভাবে। অভিজ্ঞতার কমতি থাকলেও এন্দ্রিকের বিশ্বাস, ব্রাজিলের জন্য তিনি বোঝা নন। তিনি ভালো করে এটাও জানেন, সবকিছু তার ওপর নির্ভর করবে না।  

অবশ্য তরুণ এন্দ্রিকের ওপরই ভরসা রাখতে চান অনেকে। এরই মধ্যে গ্রেট পেলের ছায়া তার মধ্যে দেখতে শুরু করেছেন কেউ কেউ। তবে এখনই তুলনাতে যেতে চান না তিনি।

“আমার কাছে এটা সম্মানের; যদিও আমার গল্পের সবে মাত্র শুরু। কোনো কিছু নিয়েই অভিযোগের কিছু নেই আমার।”

ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে এন্দ্রিকের শুরুটা গত নভেম্বরে, বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৯৯৪ সালে রোনালদোর ডাক পাওয়ার পর সর্বকণিষ্ঠ ফুটবলার হিসেবে দলে জায়গা পেয়েছিলেন তিনি। যদিও অভিষেক রঙিন ছিল না এন্দ্রিকের জন্য; কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে হেরেছিল ব্রাজিল।

তবে এরই মধ্যে ব্রাজিলের রত্ম হয়ে ওঠার জোরাল আভাস দিয়েছেন তিনি। গত মার্চে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ১-০ গোলে জেতা ম্যাচে জয়ের নায়ক ছিলেন তিনি। এর চার দিন পর স্পেনের বিপক্ষেও পেয়েছিলেন জালের দেখা।

সেখানেই শেষ নয়, গত রোববার কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও একটা পর্যায়ে জয় হাতছাড়া হতে বসেছিল ব্রাজিলের। দারুণ গোলে আরও একবার শেষ সময়ে ব্যবধান গড়ে দেন এন্দ্রিক। ক্যারিয়ারের শুরুতেই এমন আলো ঝলমলে পারফরম্যান্স যার, তার কাঁধে তো সওয়ার হতে চাইবেই দল।