সিটি থেকে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে বার্সায় ওয়ালশ
আগের রেকর্ড থেকে অঙ্কটা এবার অনেক বড়।
এবারের নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কিইরা ওয়ালশকে দলে টানল বার্সেলোনা। ব্রিটিশ গণমাধ্যমের খবর, ম্যানচেস্টার সিটি থেকে তারকা এই মিডফিল্ডারকে কিনতে সাড়ে তিন লাখ পাউন্ড খরচ হয়েছে তাদের। মেয়েদের ফুটবলে যা ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড।
বার্সেলোনার পক্ষ থেকে বুধবার ওয়ালশকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের বিবৃতিতে অবশ্য ট্রান্সফার ফির বিষয়ে কিছু বলা হয়নি।
নারী ফুটবলে ট্রান্সফার ফির আগের রেকর্ড ছিল আড়াই লাখ পাউন্ডের কিছু বেশি। ২০২০ সালে ভলফসবুর্ক থেকে ডেনমার্কের পেরনিলে হার্ডেরকে কিনতে ওই অর্থ খরচ করেছিল চেলসি।
২০১৪ সালে ১৭ বছর বয়সে সিটিতে যোগ দিয়েছিলেন ওয়ালশ। সেই থেকে ম্যানচেস্টারের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১১ ম্যাচ খেলেছেন তিনি। আট বছরের অধ্যায়ে জিতেছেন আটটি শিরোপা।
সিটির সঙ্গে ২৫ বছর ওয়ালশের চুক্তির শেষ বছর চলছিল। তাকে পেতে মরিয়া ছিল বার্সেলোনা। সংবাদমাধ্যমের খবর, কাতালান ক্লাবটির এর আগে দেওয়া একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল সিটি।
দারুণ মেধাসম্পন্ন খেলোয়াড় ওয়ালশ প্লেমেকার ও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন। গত জুলাইয়ে হওয়া ইউরোয় নজর কেড়ে টুর্নামেন্ট সেরা দলে জায়গা পান ওয়ালশ।
