২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম‍্যাচ খেলতে ৩ দেশের সঙ্গে আলোচনায় বাফুফে

আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার জন্য আফগানিস্তান, মিয়ানমার ও নেপালের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানালেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 02:37 PM

Updated : 29 Jul 2023, 03:32 PM

অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ‘প্রস্তুতি’ ম্যাচ খেলার জোরাল উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানালেন, তিন দেশের সঙ্গে আলোচনা এগিয়েছে অনেক দূর। 

২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রথম ধাপে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ১২ অক্টোবর মালদ্বীপে হবে প্রথম লেগ, ১৭ অক্টোবর ফিরতি লেগ নিজেদের মাঠে খেলবে হাভিয়ের কাবরেরার দল। 

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর মতো বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচও আপাতত সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজনের ভাবনা ন্যাশনাল টিমস কমিটির। শনিবার কমিটির সভা শেষে নাবিল জানালেন, এক বা দুই দেশের সাথে ফিফা উইন্ডোতে ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে যাওয়ার কথা। 

“৪ থেকে ১২ সেপ্টেম্বরে আমাদের যে ফিফা উইন্ডো আছে, সেখানে ম্যাচ আয়োজনের জন্য আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আফগানিস্তান, মিয়ানমার ও নেপালের সাথে আলোচনা অনেক দূর এগিয়েছে। তবে তিনটি দলের সঙ্গে ম্যাচ খেলা হয়ত সম্ভব হবে না, একটা বা দুটি দলের সঙ্গে ম্যাচ হতে পারে।” 

“ফিফা উইন্ডোতে দেশে ম্যাচ খেলার লক্ষ্য আমাদের, আপাতত ভাবনায় আছে সিলেট ভেন্যু। তবে যে দেশগুলো সঙ্গে আলাপ চলছে, তাদেরও প্রস্তাব আছে ওখানে গিয়ে খেলার। বাছাইয়ের প্রথম ম্যাচটি মালদ্বীপে এবং ফিরতি পর্বের ম্যাচ বাংলাদেশে। এ ম্যাচের ভেন্যুও আপাতত সিলেট, এর বাইরে যদি কোনো বিকল্প বের হয়, সেক্ষেত্রে সেটা অবশ্যই আমরা বিবেচনায় নেব।” 

বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্প ২০ অগাস্ট ঢাকায় শুরু হবে। থাইল্যান্ডে হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের প্রস্তুতি অগাস্টের দ্বিতীয় সপ্তাহে শুরুর লক্ষ্য কমিটির।