দর্শকের মাঠে প্রবেশ: বাফুফেকে আবারও জরিমানা
২০২৩ সাল থেকে যে পরিমাণ জরিমানা দিতে হয়েছে, ওই টাকা দিয়ে ফিফা উইন্ডোতে বাড়তি ম্যাচ খেলা সম্ভব; হতাশার সুরে বললেন বাফুফের সাধারণ সম্পাদক।
গত জুনে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা।
বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। তবে এবারই প্রথম নয়, বেশ কিছু দিন ধরে দর্শককের নানা কাণ্ডের কারণে জরিমানা গুণে চলেছে বাফুফে।
গত অক্টোবরে বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে বসুন্ধরা কিংসের গ্যালারিতে নিষিদ্ধ ফ্লেয়ার জ্বালানোয় ১৪ হাজার সুইস ফ্রাঁ জরিমানা দিতে হয়েছিল বাফুফেকে। এরপর গত নভেম্বরে লেবাননের বিপক্ষে ম্যাচে একই কারণে ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা গুণতে হয় দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটিকে।
এবারের জরিমানার ইস্যুতে কথা বলতে গিয়ে বাফুফে সাধারণ সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, জরিমানার টাকা দিয়ে ফিফা উইন্ডোতে একটা ম্যাচ খেলা সম্ভব! সমর্থকদের প্রতি আহ্বান জানালেন, মাঠের পরিবেশ সমুন্নত রাখার।
“গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে দর্শক ঢুকে পড়েছিল, এ কারণে ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে ফিফা জরিমানা করেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে ক্লাব কর্তৃপক্ষ, বিভিন্ন সমর্থক গোষ্ঠীর সাথে অনেক কথা বলেছি। অনুরোধ করেছি নিয়ম না ভাঙার। কিন্তু তারপরও এগুলো হচ্ছে।”
“২০২৩ সাল থেকে এ পর্যন্ত যে পরিমাণ জরিমানা বাফুফে দিয়েছে, সেই অর্থ দিয়ে ফিফা উইন্ডোতে একটি ম্যাচ খেলা সম্ভব। সমর্থকদের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি, তারা যেন মাঠে এসে খেলাটি উপভোগ করেন, নিয়ম না ভাঙেন।”
