ভেঙ্গারের ভাস্কর্য উন্মোচন আর্সেনালের
এমিরেটস স্টেডিয়ামের বাইরে রাখা হয়েছে ৩.৫ মিটার উচ্চতার ভাস্কর্যটি।
কিংবদন্তি কোচ আর্সেন ভেঙ্গারকে সম্মাননা জানাল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামের বাইরে তার ব্রোঞ্জের একটি ভাস্কর্য উন্মোচন করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এবং বিবৃতি দিয়ে শুক্রবার ভেঙ্গারের ভাস্কর্যের ছবি প্রকাশ করে আর্সেনাল।
১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্সেনালের ডাগআউটে ছিলেন ফরাসি এই কোচ। তার হাত ধরে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা ও সাতটি এফএ কাপ জেতে লন্ডনের দলটি।
৩.৫ মিটার উচ্চতার ভাস্কর্যটিতে ভেঙ্গারের হাতে রয়েছে প্রিমিয়ার লিগের ট্রফি।
প্রীতি ম্যাচে আগামী বুধবার ফরাসি ক্লাব মোনাকোর বিপক্ষে খেলবে আর্সেনাল। এই ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৭৩ বছর বয়সী ভেঙ্গার।
সব প্রতিযোগিতা মিলিয়ে ১২৩৫টি ম্যাচে আর্সেনালের ডাগআউটে ছিলেন তিনি। তার কোচিংয়ে ২০০৩-০৪ মৌসুমে প্রিমিয়ার লিগে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি গড়েছিল ক্লাবটি।
ভেঙ্গারের কোচিংয়ে টানা ২০ বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলে আর্সেনাল। ১৯৯১-৯২ মৌসুমে ইউরোপিয়ান কাপের পর ফরাসি কোচকে ছাড়া আসছে মৌসুমে প্রথমবারের মতো ইউরোপ সেরার প্রতিযোগিতায় খেলবে মিকেল আর্তেতার দল।
ভেঙ্গার ছাড়াও এমিরেটস স্টেডিয়ামের বাইরে ভাস্কর্য রয়েছে আরও পাঁচ আর্সেনাল কিংবদন্তি- টনি অ্যাডামস, ডেনিস বার্গকাম্প, থিয়েরি অঁরি, কেন ফ্রায়ার ও হার্বার্ট চ্যাপম্যানের।
