২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেলের সঙ্গে তুলনায় আপত্তি এন্দ্রিকের

গণমাধ্যম থেকে শুরু করে দর্শকদের কাছে এই ফরোয়ার্ডের অনুরোধ, তাকে যেন তার নিজের মতো করে ইতিহাস তৈরি করতে দেওয়া হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2024, 09:17 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

বয়স কেবল ১৭ বছর। এরই মধ্যে বিশ্ব ফুটবলে বেশ সাড়া জাগিয়েছেন এন্দ্রিক। কারও কাছে তিনি ‘বিস্ময় বালক’, কারও কাছে ‘নতুন পেলে।’ তবে কিংবদন্তি পেলের সঙ্গে তুলনা একেবারেই পছন্দ নয় ব্রাজিলের নতুন সেনসেশনের। গণমাধ্যম থেকে শুরু করে দর্শকদের কাছে এই ফরোয়ার্ডের অনুরোধ, তাকে যেন তার নিজের মতো করে ইতিহাস তৈরি করতে দেওয়া হয়। 

কোপা আমেরিকার প্রস্তুতিমূলক ম্যাচে বাংলাদেশ সময় রোববার সকালে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের ৩-২ গোলের জয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন এন্দ্রিক। ব্রাজিলের হয়ে ৫ ম্যাচে তার তৃতীয় গোল এটি। ১৮তম জন্মদিনের আগে জাতীয় দলের হয়ে তিন গোল করে পেলের কীর্তি স্পর্শ করেন তিনি। 

আগামী ২১ জুলাই ১৮ বছর বয়সে পা দেওয়ার পর রেয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এই তরুণ বললেন, পেলের সঙ্গে কারও তুলনা চলে না।

“আমি যখন আরও ছোট ছিলাম, যখন ১৬ বছর বয়সী ছিলাম, সামাজিক মাধ্যম আমি অনেক দেখতাম, মিথ্যা বলছি না, লোকে আমাকে ভিতো হকের (বার্সেলোনায় খেলা আরেক তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড) সঙ্গে তুলনা করত, আমাকে পেলের সঙ্গে তুলনা করত। তারা আসলে পাগল। পেলে তো পেলেই।”

“কারও সঙ্গেই নিজেকে তুলনা করা উচিত নয়, আমার জন্য বিষয়টি অপ্রীতিকর। প্রত্যেকেরই নিজস্ব গল্প, নিজস্ব বাস্তবতা, তারা কোথা থেকে এসেছে এবং খেলার জন্য তাদের কী করতে হবে, এই ব্যাপারগুলো আছে। আপনারা তুলনা চালিয়ে যেতে চান। স্রেফ ইতিহাস তৈরি হতে দিন।”

১৬ বছর বয়সে পালমেইরাসের মূল দলের হয়ে অভিষেক হয় এন্দ্রিকের। স্বদেশের ক্লাবটির হয়ে পাঁচটি ট্রফি জিতে তিনি পাড়ি জমাতে যাচ্ছেন ইউরোপের সফলতম ক্লাব রেয়ালে।

ব্রাজিলের জার্সিতে তার অভিষেক হয় গত নভেম্বরে। কলম্বিয়ার বিপক্ষে যখন বদলি হিসেবে মাঠে নামেন, ৫৭ বছরের মধ্যে তিনিই ছিলেন ব্রাজিলের জার্সিতে অভিষিক্ত সর্বকনিষ্ঠ ফুটবলার। দেশের হয়ে তৃতীয় ম্যাচেই তিনি প্রথম গোলের স্বাদ পান গত মার্চে, ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনিই। আন্তর্জাতিক পুরুষ ফুটবলে ওয়েম্বলি স্টেডিয়ামে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়েন তিনি।

তিন দিন পর সান্তিয়াগো বের্নাবেউয়ে স্পেনের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে ফের জালের দেখা পান এন্দ্রিক। পেলের পর ১৮ বছরের কম বয়সী প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুটি আন্তর্জাতিক ম্যাচে গোল করার কীর্তি গড়েন তিনি। 

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বললেন, এই তরুণের ওপর প্রত্যাশার চাপ খুব বেশি না চাপিয়ে ধৈর্য ধরতে হবে সবার।

“আসুন এই ছেলেটির ব্যাপারে আমরা খুব সতর্ক থাকি। তার জীবনে এত অল্প সময়ের মধ্যে অনেক কিছু ঘটেছে। গোল করা গুরুত্বপূর্ণ বিষয়, যা খেলোয়াড়কে আত্মবিশ্বাস দেয়। কারও সঙ্গে তুলনা করা বাদ দিয়ে আমাদেরকে শান্ত ও ধৈর্যশীল হতে হবে।”

কোপা আমেরিকার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশে সময় আগামী বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ব্রাজিল। ২৪ জুন কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর শুরু করবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।