গুয়ার্দিওলাকে কয়েন ছুঁড়ে মারল লিভারপুল সমর্থকরা!
লিভারপুল-ম্যানচেস্টার সিটি হাইভোল্টেজ ম্যাচে এমন অপ্রীতিকর ঘটনাই ঘটেছে।
মাঠের খেলায়, ডাগআউটে ম্যাচজুড়ে ছিল উত্তেজনার ছাপ। মেজাজ হারিয়ে লাল কার্ডও দেখেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। এমন হাইভোল্টেজ ম্যাচে সবচেয়ে অপ্রীতিকর কাণ্ড ঘটিয়েছে লিভারপুল সমর্থকরা। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলার দিকে কয়েন ছুঁড়ে মেরেছে তারা!
অ্যানফিল্ডে রোববার সিটিকে ১-০ গোলে হারায় লিভারপুল। এ জয় দিয়ে প্রিমিয়ার লিগে দুঃসময়ের ঘোরাটোপে বন্দি থাকা ক্লপের দলও পেল ঘুরে দাঁড়ানোর উপলক্ষ।
অন্যদিকে, সিটির রাতটি কাটে বিষাদে। টগবগে আত্মবিশ্বাস নিয়ে লিভারপুলের আঙিনায় এসে প্রথমার্ধে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি হলান্ড-ফোডেনরা। দলের বিবর্ণতায় ডাগআউটে আগে থেকে ফুটছিলেন গুয়ার্দিওলা।
দ্বিতীয়ার্ধে ৫৩তম মিনিটে ফোডেন লিভারপুলের জালে বল জড়ালে হাসি ফোটে গুয়ার্দিওলার মুখে। কিন্তু তা মুহূর্তেই উবে যায় রেফারি ভিএআর দেখে গোল হয়নি বলে সিদ্ধান্ত দিলে। রেফারি অ্যান্থোনি টেইলর মনিটরে ভিডিও পর্যালোচনা করার সময় থেকেই ক্ষোভ ঝাড়ছিলেন সিটি কোচ। এরপরই স্বাগতিক সমর্থকদের তোপের মুখে পড়েন গুয়ার্দিওলা।
অবশ্য চেষ্টা করলেও গুয়ার্দিওলার গায়ে কয়েন লাগাতে পারেননি লিভারপুল সমর্থকরা। ম্যাচ শেষে সিটি কোচ প্রতিপক্ষ দলের সমর্থকদের ‘পরামর্শ’ দেন আগামীতে আরও ভালো করার!
“পরেরবার তারা (লিভারপুল সমর্থকরা) আরও ভালো করবে। তারা আমার গায়ে লাগাতে পারেনি। তারা চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। কয়েক বছর আগে তারা কোচের গায়ে কয়েন লাগাতে পেরেছিল, কিন্তু এবার পারেনি।”
গুয়ার্দিওলাকে লক্ষ্য করে কয়েন ছোঁড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে লিভারপুল।
“অ্যানফিল্ডের আজকের ম্যাচে প্রতিপক্ষে দলের ডাগআউট এলাকায় গ্যালারিতে যেসব আজেবাজে ভাষায় চিৎকার শোনা গেছে, তা ফুটবল স্টেডিয়ামের ট্র্যাজেডির অংশ এবং আমরা এতে ভীষণভাবে হতাশ।”
“আমরা সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে এ নিয়ে কাজ করছি এবং সিটির সঙ্গেও কাজ করব, যাতে করে ঐক্যবদ্ধভাবে ফুটবল থেকে এই বিষয়গুলো সম্পূর্ণভাবে নির্মুল করাটা নিশ্চিত করা যায়।”
