২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানি ম্যাচের পর স্কটল্যান্ড কোচ বললেন ‘কঠিন রাত’

ভীষণ বাজে শুরু হলেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাকি পথচলায় দলের ওপর আস্থা রাখার আহ্বান জানালেন স্কটল্যান্ড কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2024, 08:20 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

দাপুটে জার্মানির সামনে ম্যাচজুড়ে কোণঠাসা ছিল স্কটল্যান্ড। স্কোরলাইনে দলটির নামের পাশে যে একটি গোল, সেটিও তাদের নিজেদের করা নয়, আন্টোনিও রুডিগার আত্মঘাতী হওয়ায় মেলে গোলটি। সব মিলিয়ে বড় হার দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর পর স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্ক হতাশ কণ্ঠে বললেন, তাদের জন্য ছিল কঠিন রাত।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শুক্রবার রাতে জার্মানির বিপক্ষে উড়ে যায় স্কটল্যান্ড। ফ্লোরিয়ান ভিরৎজ, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, নিকলাস ফুয়েলখুগ ও এমরে কানের লক্ষ্যভেদে ৫-১ গোলের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা।

প্রথমার্ধেই ব্যাকফুটে চলে যাওয়া স্কটিশদের দুর্দশা বাড়ে বিরতির আগে রায়ান পোটিয়াস লাল কার্ড দেখলে। পরে আর দলটি ঘুরে দাঁড়ানোর তেমন কোনো চেষ্টাও করতে পারেনি। দল নিজেদের সেরাটা দিতে পারেনি বলে মনে করেন কোচ।

“আমরা নিজেদের মানের ফুটবল খেলতে পারিনি। কিন্তু আমি মনে করি, জার্মানি দল ছিল চমৎকার। আমরা হতাশ। আমরাই নিজেদেরকে ডুবিয়েছি এবং যেমন পারফর্ম করেছি, তার চেয়ে আমরা ভালো দল।”

“আমার জন্য কঠিন রাত ছিল, তবে আমি এটা কাটিয়ে উঠব। আমার খেলোয়াড়দের নিয়ে আমি কখনই সন্দিহান নই। কখনই না।”

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। এরপর তাদের প্রতিপক্ষ হাঙ্গেরি। শুরুর দুঃস্বপ্ন ভুলে এই দুই ম্যাচ নিয়ে এখন ভাবতে চাইছেন ক্লার্ক।

“আমাদের ওপর বিশ্বাস রাখুন। পরের ম্যাচেই আপনাদের সাথে দেখা হবে। বাকি দুই ম্যাচ থেকে আমাদের ৪ পয়েন্ট দরকার এবং আমরা এখন সেদিকেই মনোযোগ দিতে চাই।”