ফিফায় সাইবার হামলা
সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য ভান্ডারের একটি অংশে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে।
অপরাধমূলক সাইবার হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা। তাতে সংস্থাটির বেশ কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানেন ফিফার এমন একজন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বাতিল হয়ে যাওয়া ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পের (বিশ্বকাপের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা) কোনো নথিতে অবশ্য প্রবেশ করতে পারেনি হ্যাকাররা।
“ফিফা নিশ্চিত করছে যে, সংস্থাটি একটি অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। ফলে সীমিত পরিমাণ ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটেছে।”
তথ্য অবৈধভাবে সংগ্রহ ও প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে ফিফা। বিশেষ করে ব্যক্তিগত তথ্য প্রকাশকে ‘গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে সংস্থাটি।
তবে এই হামলায় কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, কখন হামলাটি চালানো হয়েছে কিংবা ব্যবসায়িক তথ্যের মধ্যে কী কী ছিল, সে বিষয়ে কিছু জানায়নি ফিফা।
বিষয়টি সম্পর্কে জানা ওই ব্যক্তির দাবি, ওই হামলায় ফিফার কাছে থাকা মোট তথ্যের ০.১ শতাংশেরও কম ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্যাপক সমালোচনার মুখে গত জুলাইয়ে বিশ্বকাপের স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বাতিল করে দেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ফিফার ওই পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপসহ সংস্থাটির বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠনের কথা ছিল। ওই প্রতিষ্ঠানের ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে সর্বোচ্চ ৪২০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য ছিল ফিফার।
