২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার প্রত‍্যয় মেসির

কাজটা যে সহজ হবে না খুব ভালো করে বুঝতে পারছেন আর্জেন্টিনা অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2024, 12:47 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

অর্জনের চেয়ে ধরে রাখা কঠিন, এই বাস্তবতা খুব ভালো করে বুঝতে পারছেন লিওনেল মেসি। ২০২১ সালে দীর্ঘ খরা কাটিয়ে আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন প্রথম কোনো বড় শিরোপা। লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের এই মুকুট ধরে রাখার চ‍্যালেঞ্জ তাদের সামনে।

আর্জেন্টিনা অধিনায়ক বুঝতে পারছেন, কাজটা খুব কঠিন হবে। সাফল‍্যের জন‍্য নিজেদের উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন এই মহাতারকা।

কোপা আমেরিকা শুরুর আগে নিজেদের সবশেষ প্রীতি ম‍্যাচে গুয়াতেমালাকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হওয়া লড়াইয়ে জোড়া গোল করেছেন মেসি ও লাউতারো মার্তিনেস।

শুরুর একাদশে ফেরা মেসি দ্বাদশ মিনিটে দলকে সমতায় ফেরান। প্রথমার্ধের শেষ মিনিটে দারুণ একটি ফ্রি কিক ব‍্যর্থ হয় পোস্টে লেগে। পরে ৭৭তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন ইন্টার মায়ামি ফরোয়ার্ড। আন্তর্জাতিক ফুটবলে তার গোল বেড়ে হলো ১০৮টি। 

ম‍্যাচ শেষে আর্জেন্টিনার সংবাদমাধ‍্যম টিওয়াইসি স্পোর্টসকে জানালেন, নিজেদের উজাড় করে দিতে তারা প্রস্তুত।

“আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। আমরা এখনও শিরোপা জিততে চাই। দিন দিন কাজটা কঠিন হবে, ম‍্যাচ কঠিনতর হবে। (কোপা আমেরিকা) আবার জেতা কঠিন হবে। তবে আবারও আমরা চেষ্টা করব।”

ইন্টার মিলানের হয়ে সেরি আর শিরোপা জয়ের পথে দারুণ ছন্দে ছিলেন লাউতারো মার্তিনেস। আসরের সর্বোচ্চ গোলদাতা ৩৯তম মিনিটে সফল স্পট কিকে এগিয়ে নেন আর্জেন্টিনাকে। বিরতির পর মেসির পাস থেকে করেন নিজের দ্বিতীয় গোল। তার কণ্ঠেও শোনা গেল শিরোপা ধরে রাখার প্রত‍্যয়।

“আমাদের লক্ষ‍্য শিরোপা। আমরা সব কিছুর জন‍্য লড়াই করছি।”

“২০২১ সালে কোপা আমেরিকা শেষ হওয়ার পর এবং পরের বছর বিশ্বকাপ শেষ হওয়ার পর আমরা বলেছিলাম, আমরা কোপা আমেরিকার জন‍্য সেরা উপায়ে নিজেদের প্রস্তুত করার চেষ্টা করব। আশা করি, এটা হবে আনন্দের।”

আগামী শুক্রবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পেরু ও চিলি।