২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোপা আমেরিকায় শিরোপার বড় দাবিদার আর্জেন্টিনা’

আর্জেন্টিনা-চিলি ম্যাচের ফল নিয়ে ভবিষ্যদ্বাণীও করেছেন আর্তুরো ভিদাল।

‘কোপা আমেরিকায় শিরোপার বড় দাবিদার আর্জেন্টিনা’
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে চিলির সাবেক মিডফিল্ডার আর্তুরো ভিদাল (বাঁয়ে)

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 10:18 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

চলতি কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে শিরোপার দাবিদার হিসেবে দেখছে অনেকেই। সেই দলে আছেন চিলির সাবেক মিডফিল্ডার আর্তুরো ভিদালও। চিলির বিপক্ষে ম্যাচের আগে তিনি বলছেন, এবারের আসরে শিরোপার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে লিওনেল স্কালোনির দল।

প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় বুধবার সকালে চিলির মুখোমুখি হবেন মেসি-মার্তিনেসরা।

আর্জেন্টিনার ইউটিউবার দাভো শেনেইজের সঙ্গে আলাপচারিতায় ৩৭ বছর বয়সী ভিদাল বলেন, বিশ্বকাপ জয়ের পর আরও শক্তিশালী হয়েছে আর্জেন্টিনা।

“আর্জেন্টিনা শিরোপার এক নম্বর দাবিদার। তারা খুব শক্তিশালী, দল হিসেবে তারা অনেক আত্মবিশ্বাসী। বিশ্বকাপের পর তাদের অনেক উন্নতি হয়েছে। কলম্বিয়া, উরুগুয়ে ও আমার চিলিও ভালো দল।”

গত আসরের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এবার ব্রাজিলের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে কোস্টা রিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।

ব্রাজিলকে নিয়ে ভিদাল বলেন, “তাদের খুব ভালো কিছু খেলোয়াড় আছে, কিন্তু দল হিসেবে তারা আমাকে মুগ্ধ করতে পারেনি।”

মেসি বিশ্বকাপ জেতায় খুব খুশি একটা সময়ে এই তারকার সঙ্গে বার্সেলোনায় খেলা ভিদাল।

“আমার মন থেকে, লিওর জন্য খুব খুশি হয়েছিলাম আমি… সবাই চেয়েছিল তিনি যেন চ্যাম্পিয়ন হন।"

সবশেষে, আর্জেন্টিনা-চিলি ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে ভিদালের মন্তব্য, ‘ড্র।’