২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের অজেয় রেয়ালকে হারানোর স্বপ্নে বুঁদ ডর্টমুন্ড কোচ

এদিন তেরজিচ দৃঢ় কণ্ঠে বললেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউরোপের ‘সত্যিকারের চ্যাম্পিয়নদের’ জয়রথ থামিতে দিতে প্রস্তুত তার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2024, 10:19 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

ইউরোপের শীর্ষ প্রতিযোগিতাটি নাম বদলে চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর থেকে এর ফাইনালে অজেয় হয়ে উঠেছে রেয়াল মাদ্রিদ। তাদের এই অপ্রতিরোধ্য ছুটে চলা এবার রুখে দিতে মরিয়া বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান দলটির কোচ এদিন তেরজিচ দারুণ দৃঢ়তায় বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউরোপের ‘সত্যিকারের চ্যাম্পিয়নদের’ জয়রথ থামিতে দিতে প্রস্তুত তার দল।

১৯৯২ সালে আগের ইউরোপিয়ান কাপ বদলে চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর থেকে আটবার ফাইনাল খেলে প্রতিবারই শিরোপা উল্লাস করেছে রেয়াল।

ইউরোপ সেরার এই প্রতিযোগিতায় অনেক আগে থেকেই সফলতম দল রেয়াল, জিতেছে রেকর্ড ১৪টি শিরোপা। এই মঞ্চে গত ১০ বছরে তাদের পারফরম্যান্স অবিশ্বাস্য, পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মাদ্রিদের ক্লাবটি।

আগামী শনিবার পঞ্চদশ শিরোপার লক্ষ্যে মাঠে নামবে রেয়াল। প্রতিপক্ষের এমন দাপুটে রূপ ভয় জাগানিয়া হলেও তেরজিচ নিজের দলকে নিয়ে দারুণ আত্মবিশ্বাসী।

“আমাদের বিশ্বাস করতে হবে যে, আমরা বড় সাফল্য অর্জন করতে পারি। ডর্টমুন্ডে এই ট্রফি ফিরিয়ে আনতে আমাদের সামর্থ্যের সবটুকু দিতে হবে। (এখানে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার পর) অনেক দিন পেরিয়ে গেছে।”

এ পর্যন্ত একবারই ইউরোপ সেরার মুকুট পরেছে ডর্টমুন্ড, ১৯৯৭ সালে। ২০১৩ সালে আরেকবার ফাইনালে উঠলেও সেবারের অল-জার্মান লড়াইয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে যায় তারা।

অতীত পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক সময়ের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে, এবারের ফাইনালেও রেয়ালকে ভাবা হচ্ছে ফেভারিট। তেরজিচ তা অস্বীকারও করছেন না। তবে তার দৃঢ় বিশ্বাস, তার দল প্রতিপক্ষের দাপট গুঁড়িয়ে দিতে প্রস্তুত।

“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে চ্যাম্পিয়নদের হারাতে হবে। আমরা এখন সত্যিকারের চ্যাম্পিয়নদের মুখোমুখি।”  

“তাদের ১৪ বার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে, গত ১০ বছরে জিতেছে পাঁচবার। কিন্তু আমাদের লক্ষ্য লড়াইটা এক ম্যাচে নামিয়ে আনা। চ্যাম্পিয়ন্স লিগে তারা আটটি ফাইনাল খেলেছে এবং কখনও হারেনি। তবে আগের আট ফাইনালে কী হয়েছে, সেটা এখন গুরুত্বপূর্ণ নয়। আসছে ফাইনালটিই মুখ্য। তাদের দৌড় থামিয়ে দেওয়ার সময় এখন।”

চলতি মৌসুমে বুন্ডেসলিগায় সময়টা মোটেও ভালো কাটেনি ডর্টমুন্ডের। কোনোমতে পঞ্চম হয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে তারা।

তবে এবারের চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে তাদের পারফরম্যান্স দারুণ আশা জাগানিয়া। কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো মাদ্রিদ এবং সেমি-ফাইনালে দুই লেগেই পিএসজিকে হারায় দলটি।

বড় মঞ্চে কার্যকর ফুটবল খেলে ফাইনালেও বাজিমাত করার স্বপ্ন দেখছেন তেরজিচ, তার দল এবং ক্লাবটির লাখো-কোটি সমর্থকরা।