২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবাডিতে কোরিয়াকে উড়িয়ে শুরু বাংলাদেশের

বিরতির আগেই ম্যাচে চালকের আসনে বসে গিয়েছিল প্রতিযোগিতার গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2024, 07:32 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডির মুকুট ধরে রাখার মিশন দাপুটে জয়ে শুরু করল বাংলাদেশ। দক্ষিণ কোরিয়াকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিল স্বাগতিকরা।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রোববার প্রতিযোগিতার উদ্বোধনী দিনে কোরিয়াকে ৬৭-২২ পয়েন্ট ব্যবধানে হারায় প্রতিযোগিতার গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

শুরু থেকে একের পর এক পয়েন্ট তুলে কোরিয়াকে কোনঠাসা করে ফেলেন আরদুজ্জামান-জিয়ারা। ২৪-১১ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধ বাংলাদেশ শেষ করে চালকের আসনে বসে।

প্রধান অতিথি হিসেবে এবারের টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে অংশ নেন অংশগ্রহণকারী ১২টি দলের খেলোয়াড়, কর্মকর্তা ও টুর্নামেন্টের অফিসিয়ালরা। 

এবার ইউরোপ, আফ্রিকা ও এশিয়া- এই তিন মহাদেশের মোট ১২টি দল অংশ নিচ্ছে। পোল্যান্ড, কেনিয়া, উগান্ডা, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ অংশগ্রহণ করছে। 

বঙ্গবন্ধু কাপ কাবাডিতে প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া ও উগান্ডা।

গত তিনটি আসর ঢাকার পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবার নতুন ভেন্যু হিসেবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ আসর অনুষ্ঠিত হচ্ছে।