‘স্পেশাল’ জয়ের পর বার্সেলোনার তরুণদের নিয়ে উচ্ছ্বসিত লেভানদোভস্কি
তরুণ খেলোয়াড়রা সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলে মনে করেন বার্সেলোনার অভিজ্ঞ স্ট্রাইকার।
চোটের কারণে মাঠের বাইরে একগাদা ফুটবলার। মৌসুমের প্রথম ম্যাচে ভালেন্সিয়ার বিপক্ষে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে নিয়ে দল সাজাতে হয় বার্সেলোনা কোচ হান্সি ফ্লিককে। দলের দারুণ জয়ের ম্যাচে তরুণদের পারফরম্যান্স মনে ধরেছে রবের্ত লেভানদোভস্কির। অভিজ্ঞ স্ট্রাইকারের কাছে এই জয় বিশেষ কিছু।
ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে শনিবার ২-১ গোলের জয়ে লা লিগা অভিযান শুরু করেছে বার্সেলোনা।
এই ম্যাচ দিয়ে মূল দলে অভিষেক হয় বার্সেলোনার একাডেমির ২০ বছর বয়সী মিডফিল্ডার মার্ক কাসাদোর। তার সঙ্গে শুরুর একাদশে ছিলেন ১৭ বছর বয়সী তিন ফুটবলার লামিনে ইয়ামাল, পাউ কুবার্সি ও মার্ক বের্নাল।
প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ার পর জোড়া গোল করে বার্সেলোনার নায়ক লেভানদোভস্কি। তবে দলের জয়ে বড় অবদান আছে তরুণদেরও। দলের প্রথম গোলে অবদানও রাখেন দুই তরুণ, ২০ বছর বয়সী আলেহান্দ্রো বাল্দের ক্রসে ইয়ামাল ভলিতে বল বাড়ান গোলমুখে, স্লাইডে ঠিকানায় পাঠান লেভানদোভস্কি।
৩৫ বছর বয়সী পোলিশ তারকা মুভি স্টার প্লাসের সঙ্গে আলাপচারিতায় প্রশংসায় ভাসালেন দলের তরুণ খেলোয়াড়দের।
“এমন কঠিন স্টেডিয়ামে জয় দিয়ে শুরু করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ২০-২৫ মিনিট আমরা ভালো খেলতে পারিনি। প্রথমার্ধে ওদের বক্সের কাছাকাছি যেতে আমাদের সমস্যা হচ্ছিল, কিন্তু তারপর আমরা আরও ভালো খেলতে শুরু করি এবং তিন বা চার জন খুবই তরুণ খেলোয়াড়কে নিয়ে আমরা তা করেছি।”
“এই তরুণ খেলোয়াড়দের নিয়ে যদি এভাবে জিততে পারি, তাহলে এটি বিশেষ কিছু এবং তারা বড় সম্ভাবনা দেখিয়েছে। অভিজ্ঞতার অভাবের কোনো লক্ষণ তাদের মধ্যে ছিল না, তারা খুব ভালো খেলেছে। আমরা আরও বড় ব্যবধানে জিততে পারতাম। তবে জয় দিয়ে মৌসুম শুরু করাটাও দারুণ।"
