২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে নতুন সূচক পদ্ধতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে নতুন পদ্ধতিতে সূচক গণনা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 01:10 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে নতুন পদ্ধতিতে সূচক গণনা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের পর আগামী জানুয়ারির মধ্যে নতুন সূচক চালু করা যাবে বলে আশা করছেন ডিএসইর ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ রশীদ লালী। প্রচলিত সূচক বাদ দিয়ে ‘সঠিক’ পদ্ধতিতে সূচক চালু হলে বাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলে আশা পুঁজিবাজার সংশ্লিষ্টদের। সূচক গণনা পদ্ধতি সংশোধনের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটি এর আগে ডিএসইতে বর্তমান সূচক গণনার পদ্ধতি ভুল বলে মত দেয়। এরপর শুধুমাত্র লেনদেনযোগ্য শেয়ারকে (ফ্রি ফ্লোট) হিসাবে ধরে সঠিক পদ্ধতিতে সূচক গণনার জন্য গত আগস্টে যুক্তরাষ্ট্র ভিত্তিক স্টান্ডার্ড অ্যান্ড পুওরের (এসঅ্যান্ডপি) সঙ্গে চুক্তি করে ডিএসই। আহমেদ রশীদ লালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতোমধ্যেই এসঅ্যান্ডপি নতুন পদ্ধতিতে সূচক গণনার মেথোডলজি (পদ্ধতি) আমাদের কাছে পাঠিয়েছে। গত বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলকভাবে নতুন সূচক গণনার কাজ শুরু হয়েছে। “আগামী সপ্তাহে এসঅ্যান্ডপির কয়েকজন কর্মকর্তা আমাদের এখানে আসবেন। তাদের সঙ্গে আলোচনার পর আমরা নতুন সূচক গণনার পদ্ধতি অনুমোদনের জন্য এসইসিতে পাঠাবো।” নতুন সূচক কবে নাগাদ পুরোদমে চালু হবে জানতে চাইলে তিনি বলেন, “আশা করছি আগামী জানুয়ারির মধ্যে নতুন সূচক চালু হয়ে যাবে।” ডিএসইর বর্তমান সূচকে ‘বিশাল ভুল’ রয়েছে বলে মনে করেন এসেট ম্যানেজম্যান্ট কোম্পানি এইমসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াওয়ার সাঈদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একটু ভারী শেয়ার বাড়লেই ডিএসই সূচক হু হু করে বাড়তে থাকে। আবার ভারী শেয়ার কমলে সূচকও কমতে থাকে।” বর্তমান পদ্ধতিতে ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানির সব শেয়ার আমলে নিয়ে সূচক গণনা করা হয়। যেমন- পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্যতম বড় কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির ১৩৫ কোটি ৩ লাখ শেয়ারের মধ্যে ৯০ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং ১০ শতাংশ প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের কাছে রয়েছে। ডিএসইর বর্তমান সূচক গণনা পদ্ধতি অনুযায়ী, গ্রামীণফোনের ২০০ শেয়ারের একটি লট বাজারে লেনদেন হলে সূচকে গণনা হয় কোম্পানিটির ১৩৫ কোটি শেয়ারকে আমলে নিয়ে। এ পদ্ধতির অবসান ঘটিয়ে শুধু লেনদেন হওয়া শেয়ারের (ফ্রি ফ্লোট) ভিত্তিতে সূচক গণনার গত বছরের ২৬ ডিসেম্বর সিদ্ধান্ত নেয় এসইসি। বর্তমানে ডিএসইতে ৮১৭ পয়েন্টকে ভিত্তি ধরে সাধারণ সূচক গণনা করা হয়। নতুন সূচকের ভিত্তি কত ধরা হবে সে বিষয়টি এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন লালী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএএইচ/১৯৫৬ ঘ.