ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যেসব উদ্যোক্তা পরিচালক নির্ধারিত সময়ে ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হয়েছেন তাদের আর কোনো সুযোগ দেবে না পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এসইসি।
মঙ্গলবার কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসির নির্দেশনা পরিপালনে ব্যর্থ হয়ে যেসব উদ্যোক্তা পরিচালক পদ হারিয়েছেন, তাদের তালিকা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করা হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে এসইসি। এতে বলা হয়, উদ্যোক্তা-পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া প্রত্যেক পরিচালকের কাছে থাকবে হবে অন্তত ২ শতাংশ শেয়ার।
২ শতাংশ শেয়ার না থাকলে একজন পরিচালক আর পরিচালনা পর্ষদে থাকতে পারবে না। আর উদ্যোক্তা-পরিচালকদের হাতে ৩০ শতাংশ শেয়ার না থাকলে ওই কোম্পানি রাইট শেয়ার ও আরপিওর (রিপিট পাবলিক অফারিং) মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াতে পারবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।
এই নির্দেশনা মানতে ২১ মে পর্যন্ত সময় দেয় এসইসি।
কয়েকজন পরিচালক এসইসির আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে তিনটি আবেদন করলে তা খারিজ হয়ে যায়। এছাড়া এসইসির আইনের যে ধারার ক্ষমতাবলে শেয়ার ধারণের নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই ২সিসি ধারা চ্যালেঞ্জ করে দায়ের পাঁচটি রিটও উচ্চ আদালত খারিজ করে দেয়।
এর বাইরেও বেশ কয়েকজন পরিচালক নির্দেশনা মানার সময় বাড়ানোর জন্য এসইসিতে আবেদন করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসইসি জানিয়েছে, সময় বাড়ানোর এসব আবেদন কমিশনের মঙ্গলবারের সভায় বিবেচনা করা হয়নি।
“তালিকাভুক্ত কোম্পানিসমূহকে কমিশন এই মর্মে পত্র প্রদান করবে যে, কমিশনের উল্লেখিত নোটিফিকেশন পরিপালন করতে ব্যর্থ হওয়ার ফলে যে সকল পরিচালকের পদ শূন্য হয়েছে তাদের তালিকা কমিশনে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে দাখিল করবেন।”
এছাড়া স্টক এক্সচেঞ্জগুলোও পরিচালকদের শেয়ার ধারণের বিস্তারিত তথ্য ১৫ জুলাইয়ের মধ্যে এসইসিতে দাখিল করবে বলে জানিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২১ মের পর তালিকভুক্ত ২০৯টি কোম্পানির ৩৩৫ জন পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৭২০ ঘ.
bdnews24