২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসির ২ সিসি ধারা নিয়ে রিটের শুনানি হয়নি

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আইনের ২ সিসি ধারা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি রোববার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আইনের ২ সিসি ধারা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি রোববার হয়নি। শুনানির পরবর্তী তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন এই আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ হোসেন চৌধুরী। তিনি বলেন, “রোববার এ বিষয়ে হাই কোর্টে শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু প্রধান বিচারপতি বেঞ্চ পুনর্গঠন করে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চকে রিট মোশন শুনানির দায়িত্ব দিয়েছেন। এ কারণে আজ এ মামলার শুনানি হয়নি।” এর আগে গত ৪ জুন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আইনের ২ সিসি ধারাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯-এর ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে পাঁচ কোম্পানির ২৪ জন পরিচালকের ৫টি রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এ রুল জারি করে। ২ সিসি ধারার অনুযায়ী উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসি নির্দেশনা দিয়েছিল। পাঁচটি আবেদনে এ ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। ২ সিসি ধারায় কোম্পানি আইন ১৯৯৪ অথবা বিদ্যমান কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক না হলে নিয়ন্ত্রক সংস্থাকে শর্তারোপের ক্ষমতা দেওয়া হয়েছে। উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসির নির্দেশনার বিরুদ্ধে তিনটি রিট আবেদন খারিজের পর দিন গত ২২ মে এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ও প্রাইম ফিনান্সের ২৪ জন পরিচালক হাই কোর্টে এই পাঁচটি আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৭৫০ ঘ.