২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীর মন্তব্যের সমালোচনায় ডিএসই

পুঁজিবাজার নিয়ে সংসদে অর্থমন্ত্রীর করা মন্তব্যের সমালোচনা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 09:47 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ে সংসদে অর্থমন্ত্রীর করা মন্তব্যের সমালোচনা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। সোমবার সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অর্থমন্ত্রী বলেন, “শেয়ার বাজার সম্পর্কে আমি কোনো বক্তব্য রাখি না। এই শেয়ারবাজার দুষ্ট শেয়ার বাজার।” এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার দুপুরে ডিএসই সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের বলেন, “আমার মনে হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী একটু অধৈর্য্য হয়ে পড়েছেন। উনি প্রণোদনা দিয়েছেন। কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা দেখতে হবে।” পুঁজিবাজারকে ‘দুষ্ট বাজার’ আখ্যায়িত করা প্রসঙ্গে রকিবুর বলেন, “এটা ইতিহাসে প্রথমবারের মতো শুনলাম।” অর্থমন্ত্রী হিসেবে পুঁজিবাজার নিয়ে মাথা না ঘামালেও তার কোনো প্রভাব অর্থনীতিতে পড়বে না বলে সংসদে মন্তব্য করেন মুহিত। এ প্রসঙ্গে ডিএসই সভাপতি বলেন, “পুঁজিবাজারকে পাশ কাটিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন কখনই সম্ভব নয়।” পুঁজিবাজারে ব্যাংকগুলো মোট দায়ের ১০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারলেও বর্তমানে তাদের গড় বিনিয়োগ দুই শতাংশের নিচে বলে উল্লেখ করেন তিনি। অর্থমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ডিএসইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশীদ লালী বলেন, “দায়িত্বশীল জায়গা থেকে এ ধরণের মন্তব্য দেশের ভাবমূর্তি নষ্ট করে। দেশের অর্থনীতির জন্যও এটা খারাপ।” পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ করে এক দল বিনিয়োগকারী। তারা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পদত্যাগ দাবি করে শ্লোগান দেয়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের ওঠানামার মধ্যে লেনদেন হয়েছে ১২৮ কোটি টাকা, যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫৪১ ঘ.