২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সপ্তাহের শেষ দিনে সূচক পতন

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৯ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 05:15 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিনের লেনদেন শেষ হয়েছে সূচক পতনের মধ্য দিয়ে। এদিন লেনদেনের পরিমাণও কমেছে। বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৯ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কম। সকাল সাড়ে ১০টায় এ বাজারে লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকলেও ১৫ মিনিটের মাথায় তা কমে যায়। এরপর আবার বেড়ে বেলা ১১টার দিকে আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২৭ পয়েন্টে পৌঁছায়। এরপর সূচক এগোতে থাকে ওঠানামার মধ্য দিয়ে। খানিকটা পতনের পর বেলা ১টায় সূচক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৮২২ পয়েন্টে। বেলা ২টায় তা আবার কমে ৪ হাজার ৭৯৫ পয়েন্ট হয়। বেলা আড়াইটায় লেনদেন শেষ হয় সূচকের ঘরে আগের দিনের চেয়ে কম পয়েন্ট নিয়ে। এদিন লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দাম। আড়াই ঘণ্টায় হাতবদল হয়েছে ২৯৮ কোটি টাকার শেয়ার। বুধবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৫০ পয়েন্ট, দিন শেষ হয় সূচকের ঘরে ৪ হাজার ৭৯১ পয়েন্ট নিয়ে। সপ্তাহের চতুর্থ দিন হাতবদল হয় প্রায় ৩০৭ কোটি টাকার শেয়ার। মঙ্গলবারও ঊর্ধ্বমুখী সূচকেই লেনদেন শেষ করেছিল ঢাকার পুঁজিবাজার। সেদিন ডিএসইর সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৬৬ পয়েন্ট। হাতবদল হয়েছিল প্রায় ১৯৫ কোটি টাকার শেয়ার। তবে সোমবার সূচক কমে যায় ১৭৯ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন নতুন সময়সূচিতে লেনদেন শুরু হওয়ার পর সাধারণ সূচক প্রায় ১২১ পয়েন্ট বাড়ে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক প্রায় ৬৩ দশমিক ৫৯ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ১৯৩ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ২৯২ কোটি টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ১৯৩ দশমিক ৮৭ পয়েন্ট বা ৩ দশমিক ৮৮ শতাংশ কমে। এরও আগের চার সপ্তাহে সাধারণ সূচক যথাক্রমে ৮৪ দশমিক ৮৪ পয়েন্ট, ৮৪ পয়েন্ট, ২ পয়েন্ট ও ২০৪ পয়েন্ট কমেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৪৪৫ ঘ.