২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন ও সূচক দুটোই বেড়েছে

সপ্তাহের প্রথম দিন দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সাধারণ সূচকে যোগ হয়েছে প্রায় ৮৩ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 05:44 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন নেতৃত্ব আসার পর প্রথম দিনের লেনদেনে সাধারণ সূচক ও লেনদেন বেড়েছে। রোববার দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুর পর প্রথম পাঁচ মিনিটেই সূচক বাড়ে ১২১ পয়েন্ট। এরপর ওঠানামার মধ্য দিয়ে সূচক কিছুটা কমে। লেনদেন শেষে সাধারণ সূচক প্রায় ৮৩ পয়েন্ট বা এক দশমিক ৮২ শতাংশ বেড়ে ৪ হাজার ৬২৫ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২২৬টির, কমেছে ২৬টির ও অপরিবর্তিত আছে ৫টির। লেনদেন হয়েছে প্রায় ৪০৪ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ৩৩ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার রাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শীর্ষ পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হন রকিবুর রহমান। সভাপতির পাশাপাশি আহমেদ রশিদ লালীকে প্রথম সহ-সভাপতি এবং মোহাম্মদ শাহজাহানকে সহ-সভাপতি নির্বাচিত করেছে ডিএসই পরিচালকরা। পরিচালক নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রকিবুর রহমান সাংবাদিকদের বলেন, “এখন আমার বড় কাজ হবে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা। সবাই মিলে বাজার ভালো করার চেষ্টা করব আমরা।” বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে সাধারণ সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৩ পয়েন্ট হয়। সব মিলিয়ে গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ১৯৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৫ ঘ.