ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন সভাপতি রকিবুর রহমান পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।
বিএমবিএ সভাপতি মোহাম্মদ এ হাফিজ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন সভাপতিকে আমরা স্বাগত জানাই। আশা করি বাজারে স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি।”
গত বৃহস্পতিবার ডিএসই শীর্ষ পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন রকিবুর রহমান।
মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক রকিবুর ২০০৯ সালের মার্চ থেকে ২০১০ সালের মার্চ পর্যন্ত ডিএসই সভাপতি ছিলেন। এর আগে ১৯৯৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত টানা তিন বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।
মোহাম্মদ এ হাফিজ বলেন, “পুঁজিবাজার বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে নতুন সভাপতির। বাজার ভালো করার বিষয়েও তিনি অত্যন্ত আন্তরিক।”
“সভাপতি নির্বাচিত হওয়ার পরই রকিব ভাই আমাকে বলেছেন, চলুন সবাই মিলে বাজারটাকে ভালো করি আমরা। তার এ আন্তরিকতাকে সাধুবাদ জানাই। আশা করি বাজার ভালোর দিকেই যাবে,” বলেন বিএমবিএ সভাপতি।
সভাপতির পাশাপাশি আহমেদ রশিদ লালীকে জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং মোহাম্মদ শাহজাহানকে সহ-সভাপতি নির্বাচিত করেছে ডিএসই পরিচালকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৭৪৪ ঘ.
bdnews24