ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা - এসইসি ও বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগের পরও গত এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে ৩১৪ পয়েন্ট।
ডিএসই সাধারণ সূচক গত সপ্তাহে ৫ দশমিক ২৭ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে ৫৯৬৬ পয়েন্ট নিয়ে শুরু হওয়া ডিএসই সাধারণ সূচক সপ্তাহ শেষে তা ৫৬৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসআই সূচক ৪৯৯১ থেকে কমে দাঁড়িয়েছে ৪৭২৭ পয়েন্টে।
দাম কমেছে ২৪২টি কোম্পানির শেয়ারের, বেড়েছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে একটি কোম্পানির শেয়ারে দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট সূত্রে তথ্যগুলো জানা গেছে।
গত সপ্তাহে মুলধন কমেছে ৫৪১৯ কোটি টাকা। সপ্তাহ শেষে বাজার মুলধন দাড়িয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩শত ৫৯ কোটি টাকায় যা শুরুতে ছিল ২ লাখ ৭৮ হাজার ৭৭৯ কোটি টাকা।
সপ্তাহের শুরুতে সাড়ে ৩শ কোটি টাকার বেশি লেনদেন হলেও প্রতিদিন তা কমতে থাকে। ১৮ সেপ্টেম্বর ৩৯৬ কোটি টাকার লেনদেন হলেও ২২ সেপ্টেম্বর নাগাদ তা কমে দাড়ায় ২৯৭ কোটি টাকায়।
বাজার পতনের মধ্যেও শীর্ষে লাভে রয়েছে স্বল্পমুলধনের প্রতিষ্ঠানগুলো। পুরো সপ্তাহজুড়ে এসব প্রতিষ্ঠানের শেয়ার ঊর্ধ্বমুখী ছিল।
গত সপ্তাহের দাম বাড়ার শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তাল্লু স্পিনিং, অ্যাম্বি ফার্মা, দেশ গার্মেন্টস, বিডি অটোকারস, ফার্মা এইডস, রেকিট বেনিকজার, তৃতীয় আইসিবি মিউচুয়্যাল ফান্ড, রহিম টেক্সটাইল, রেনেটা লিমিটেড, জুট স্পিনিং।
অপরদিকে মূল্যহ্রাসের তালিকায় শীর্ষে ছিল পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস, দেশবন্ধু পরিমার লি, মাইডাস ফাইন্যান্স লি, প্রিমিয়ার লিজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফেডারেল ইন্সুরেন্স, আইএলএফএসএল, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট, গ্লোবাল ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইন্সুরেন্স।
তবে লেনদেনের ক্ষেত্রে শীর্ষে ছিল বেক্সিমকো। এরপরেই রয়েছে তিতাস গ্যাস, ন্যাশনাল ব্যাংক, সিএমসি কামাল, গ্রামীণ ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, এমআই সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, মালেক স্পিনিং মিলস ও ওয়ান ব্যাংক।
গত সপ্তাহে তিনটি প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করেছে। আইসিবি ১৫ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ বোনাস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ৪০ শতাংশ বোনাস এবং ডেল্টা ব্রাক হাউজিং ১০০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ ২০৪৭ ঘ.
bdnews24