ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার পুঁজিবাজারে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে সূচক ও লেনদেন দুটোই কমেছে।
প্রায় দেড়শ’ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন তিনদিন স্পট মার্কেটে এবং একদিন বন্ধ থাকায় সূচক ও লেনদেন কমেছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
গত সপ্তাহে (২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক তার আগের সপ্তাহের তুলনায় ১৩৬ পয়েন্ট বা ২ দশমিক ৫৪ শতাংশ কমে হয়েছে ৫ হাজার ২৩৬ পয়েন্ট।
লেনদেন কমেছে প্রায় ৫৪ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩১০ কোটি ৭৫ লাখ টাকার, যা আগের সপ্তাহে ছিল ৬৭৬ কোটি টাকা।
লেনদেন ও সূচক কমার কারণ জানতে চাওয়া হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকগুলো কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়েছে। তাদের লেনদেন একদিন বন্ধও ছিল। তাই এর প্রভাব বাজারে পড়েছে।”
নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের জন্য ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়। রোববার থেকে ১০ টাকা অভিহিত মূল্যে সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হবে।
ডিএসইতে তালিকাভূক্ত ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৩৮টির অভিহিত মূল্য ১০ টাকা না হওয়ায় বৃহস্পতিবার এদের লেনদেন বন্ধ থাকে। এর আগে সোমবার থেকে বুধবার পর্যন্ত কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ড স্পট মার্কেটে লেনদেন হয়। স্পট মার্কেটে লেনদেন করতে হয় নগদ টাকায়।
গত সপ্তাহে সূচক ও লেনদেন কমার পাশাপাশি হাতবদল হওয়া শেয়ারের সংখ্যাও কমেছে প্রায় ৪৮ শতাংশ। গত সপ্তাহে প্রতিদিন গড়ে হাতবদল হয়েছে ৪ কোটি ৮৯ লাখ শেয়ার, যা তার আগের সপ্তাহে ছিল ৯ কোটি ৪৯ লাখ।
লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ৪৯টির, কমে ২১৪টির এবং বদলায়নি ৪টির।
গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো লিমিটেড, ফু ওয়াং সিরামিক, প্রামীণ ফোন ও আফতাব অটোমোবাইলস।
দাম বাড়ার শীর্ষে ছিল- যমুনা অয়েল, অ্যাপেক্স স্পিনিং, রহিমা ফুড, মেঘনা পেট্রোলিয়াম ও ফু ওয়াং সিরামিক।
দাম কমার শীর্ষে ছিল- বাংলাদেশ শিপিং করপোরেশন, আলহাজ টেক্সটাইল, মেঘনা কনডেন্সড মিল্ক, বিকন ফার্মাসিউক্যালস ও এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৮১৫ ঘ.
bdnews24