সিরাজগঞ্জে কৃষক হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
নিহতের মোবাইল থেকে তার স্ত্রীর কাছে ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণও দাবি করে আসামিরা।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষক সাইদুর রহমান রঞ্জু হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বুধবার দুপুরে উল্লাপাড়ার এলংজানি বাজারে অভিযান চালিয়ে এই তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান জানান।
গ্রেপ্তাররা হলেন উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের গুনাইগাতি গ্রামের আব্দুল মোমিন, মো. আলাউদ্দিন ও সোহেল রানা।
শনিবার রাতে গুনাইগাতি গ্রামের কৃষক সাইদুর রহমান (৪০) নিখোঁজ হন। এ সময় তার মোবাইল ফোন থেকে ফোন করে তার স্ত্রীর কাছে দেড় লাখ টাকা মুক্তিপণও দাবি করে অপহরণকারীরা। সোমবার গুনাইগাতি গ্রামের পশ্চিমে কুমারবিলে তার লাশ পাওয়া যায়।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি আরিফুর রহমান জানান, শনিবার রাতে সাইদুর রহমানকে নিয়ে কুমারবিলে নৌকা ভ্রমণে বের হন আ. মোমিন, আলাউদ্দিন ও সোহেল রানা।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার বলেন, নৌকায় তর্কাতর্কির এক পর্যায়ে মাথায় আঘাত করে এবং পানিতে ডুবিয়ে সাইদুরকে হত্যা করেন তারা। এরপর লাশ গুম করার জন্য গলায় পাথর বেঁধে পানিতে ডুবিয়ে দেন। এরপর তারা সাইদুরের মোবাইল থেকে তার স্ত্রীর কাছে ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণও দাবি করেন।
“ঘটনার দুদিন পর [সোমবার] উপজেলার গুনাইগাতি গ্রামের পশ্চিমে কুমারবিলে সাইদুরের মরদেহ ভেসে ওঠে। পুলিশ লাশ উদ্ধার করে এবং এরপর স্বজনরা থানায় হত্যা মামলা দায়ের করেন।”
পুলিশ সুপার বলেন, “ক্লুলেস হত্যাকাণ্ডটির রহস্য উদ্ঘাটনে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিমকে দায়িত্ব দেওয়া হয়। তারা তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।
“এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।”
বৃহস্পতিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।
