মীরসরাইয়ে ড্রেজার ডুবি: পটুয়াখালীর কাটাখালীতে শোকের মাতম
দুই ছেলেকে হারানো আনিচ মোল্লা বলেন, “আমার নাতি-নাতিনরা আজ এতিম। আমার বয়স হয়েছে, ওদের ভরণ-পোষণের দায়িত্ব কে নেবে?”
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে চট্টগ্রামের মীরসরাইয়ে বালুবাহী ড্রেজার ডুবিতে নিহত শ্রমিকদের বাড়ি পটুয়াখালী সদরের কাটাখালী গ্রামে। দুই সহোদরসহ এই গ্রামের আট জন নিহতের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে চার জনের জানাজা ও দাফন বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার জৈনকাঠী ইউনিয়নের চর জৈনকাঠীর কাটাখালী গ্রামে সম্পন্ন হয়েছে।
তারা হলেন ইমাম মোল্লা (৩২), মাহামুদ মোল্লা (৩২) আল-আমীন (২৫) এবং জাহিদ ফকির (২৮) ।
এ ছাড়া বুধবার গভীর রাতে আলম সরদার (৪০) এবং বৃহস্পতিবার সকালে শাহীন মোল্লা (৩৭), মো. তারেক (২০) ও আবুল বাশারের (৪০) লাশ উদ্ধার হলেও তা এখনো গ্রামে এসে পৌঁছায়নি।
এদের মধ্যে ইমাম মোল্লা ও শাহিন মোল্লা এই গ্রামের মো. আনিচ মোল্লার ছেলে।
বুধবার ভোরে ছোট ছেলে ইমামের মরদেহ এসে পৌঁছালে কান্নায় ভেঙ্গে পড়েন দু’ সন্তানকে হারানো মা হাসিনা বেগম। তার সঙ্গে শাহিনের নাবালক তিন সন্তান ও তার গর্ভবতী স্ত্রী খাদিজা বেগমের কান্নায় গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে। এমন কান্নার রোলে উপস্থিতরাও চোখের পানি ধরে রাখতে পারেননি।
আহাজারি করে হাসিনা বেগম বলেন, দুই ভাই দীর্ঘদিন ধরে ওই বাল্ক হেডে কাজ করতেন। কোরবানির পরে তার বড় সন্তান শাহিন কাজে যায়। এর একমাস পরে ছোট ছেলেও কাজে যায়। ছোট ছেলে বিয়ে করলেও এখনও বউ উঠিয়ে আনা হয়নি।
এই দুই সহোদরের বাবা মো. আনিচ মোল্লা বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে শাহিন ও ইমামের সঙ্গে সর্বশেষ কথা হয়েছে। ঝড়ের মধ্যেও তখনো তারা ভালোই ছিল। পরবর্তীতে রাত ৯টার দিকে ওদের বন্ধু ও একই এলাকায় অপর বাল্কহেডে কর্মরত জহিরুল নিখোঁজের দুঃসংবাদ জানায়। এরপর ঘটনাস্থলে ছুটে যায় তার মেঝ ছেলে এনায়েত।
তিনি বলেন, বেঁচে থাকতে দুই সন্তানের লাশ দেখা কোনো বাবাই এমন শোকের ভার সহ্য করতে পারে না। আমার নাতি-নাতিনরা আজ এতিম। আমার বয়স হয়েছে, ওদের ভরণ-পোষণের দায়িত্ব কে নেবে?
উদ্ধার হওয়ার পর তার বড় ছেলে শাহিন মোল্লার মরদেহও পটুয়াখালীর পথে রয়েছে বলে জানান তিনি।
মাহমুদ মোল্লার মা মনোয়ারা বেগম আহাজারি করে বলছেন, ওই ড্রেজারে কাজ করতো মাহমুদ। তার পাঁচ সন্তানের মধ্যে মাহমুদ অবিবাহিত।
কাঁদতে কাঁদতে বার বার সংজ্ঞা হারিয়ে ফেলছেন নিহত তারেকের মা সাহিদা বেগম।
আল-আমিন, বাসার হাওলাদার, জাহিদ ফকির ও আলম সরদারদের বাড়িতেও চলছে শোকের মাতম।
বৃহস্পতিবার সকালে চার জনের জানাজায় সদর উপেজলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল হাই, জৈনকাঠী ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মহসীনসহ এলাকার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
এসময় সহকারী কমিশনার আবদুল হাই বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেককে আপাতত দশ হাজার টাকা এবং ড্রেজার মালিকের পক্ষ থেকে প্রত্যেকের জন্য এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করা হবে বলে জানান তিনি।
