মুন্সীগঞ্জে ২ কোটি টাকা মূল্যের সোনার বারসহ আটক দুই
ওই দুই বাসযাত্রীর কাছে দুটি প্যাকেট ছিল, প্যাকেটে ২০টি সোনার বার পাওয়া যায় বলে পুলিশ জানায়।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ২০টি সোনার বারসহ দুই যুবক আটক হয়েছেন; যাদের পাচারকারি বলছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে দিয়ে চলা একটি বাস থেকে তাদের আটক করা হয় বলে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান।
আটকরা হলেন- যশোর বেনাপোলের মো. মোস্তফা (৩৫) ও নিমটা এলাকার নাজিম মণ্ডল (৩৪)।
ওসি বলেন, বেলা ১১টার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী একটি বাসে (ঢাকা মেট্টো ব ১৪-৭৩১৫) তল্লাশি চালানো হয়। এ সময় বাসযাত্রী ওই দুই যুবকের দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছে দুটি করে চারটি প্যাকেট পাওয়া যায়। পলিথিনে মোড়ানো প্যাকেট চারটিতে ২০টি সোনার বার মেলে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আরো জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
