২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে আবদুল আউয়াল মিন্টুর গাড়িবহরে হামলার অভিযোগ

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মিন্টু দাগনভূঞা উপজেলা সদরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিয়ে চলে যান।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 09:24 PM

Updated : 30 Aug 2022, 09:24 PM

ফেনীর দাগনভূঞায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবারের এ সমাবেশে যাওয়ার পথে বিভিন্ন স্থানে দলের নেতাকর্মী ও সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগও করেন নেতারা।

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দাগনভূঞায় উপজেলা সদরের আলাইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকালে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়; সেখানে বক্তব্য দিয় আবদুল আউয়াল মিন্টু দাগনভূঞা ত্যাগ করেন।

তবে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার করেছে। পুলিশও কোনো ধরনের হামলার খবর পায়নি বলে জানায়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকালে দাগনভূঞা উপজেলা বিএনপি উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ ডাকে।

বিএনপি নেতাদের অভিযোগ, সমাবেশ আহ্বান করার পর সোমবার বিকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়।

মঙ্গলবার সকাল থেকে উপজেলা সদরের বসুরহাট রোড, গজারিয়া রোড, পাকিস্তান বাজার, ইকবাল মেমোরিয়াল কলেজ রোডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ও বিভিন্ন সড়কে পাহারা বসায় একদল যুবক।

উপজেলা বিএনপি সভাপতি আকবর হোসেন অভিযোগ করেন, মঙ্গলবার বিকাল ৪টার দিকে আবদুল আউয়াল মিন্টু গাড়িবহর নিয়ে সভাস্থলের দিকে যাওয়ার সময় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলা সদরের ইকবাল মেমোরিয়াল কলেজ সড়কের মাথায় হামলা করে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। বহরের পেছনের গাড়িতে ভাঙচুর করা হয়েছে।

সোমবার রাতে উপজেলা যুবদল নেতা কবির আহম্মদ ডিপলুর বাড়িতে হামলা করা হয় বলেও আকবর হোসেনের অভিযোগ।

এ ছাড়া যুবদল নেতা দীন মোহাম্মদ মদেলুকে মারধর করা হয়; সকাল থেকে উপজেলা সদর ও বিভিন্ন এলাকায় ছাত্রলীগ যুবলীগের নেতা-কর্মীদের হামলায় রহিম উল্যাহ, সৈকত, মিলন, সোহাগ, মহিউদ্দিন, নুর ইসলাম, ফাহাদসহ ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলেও এই বিএনপি নেতার ভাষ্য।

আলাইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় মাঠের সংক্ষিপ্ত সমাবেশে আবদুল আউয়াল মিন্টু বলেন, “খুন ও গুমের মাধ্যমে এ অবৈধ সরকার টিকে আছে। দাগনভূঞা উপজেলা সদরের পথে পথে নেতা-কর্মীদের বাধা দেওয়া ও মারধর করা হয়। অত্যাচার-নির্যাতন করে আর টিকে থাকা যাবে না। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা বাড়ি ফিরে যাবে না।”

হামলা ও মারধরের অভিযোগের বিষয়ে দাগনভূঞা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খান বলেন, দাগনভূঞায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য তাদের নেতা-কর্মীরা দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছিলেন।

“তবে কাউকে মারধর বা বাধা দেওয়ার ঘটনা ঠিক নয়। বিএনপির সমাবেশে লোকজন উপস্থিত না হলে তারা অন্যদের দোষারোপ করে।”

দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক পাহারায় রয়েছে। তবে বিএনপির নেতাদের গাড়িবহরে হামলা হয়েছে এমন কোনো তথ্য জানা নেই।