২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

একদল যুবক মোটরসাইকেল করে এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান বলে জানায় পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2023, 11:30 PM

Updated : 07 Dec 2023, 12:21 AM

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কদমতলী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টার্মিনালের পাশে যমুনা মার্কেটের সামনে বাস দাঁড় করিয়ে চালক ও তার সহকারী পাশের দোকানে নাস্তা করতে যান। এ সময় একদল যুবক মোটরসাইকেল করে এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান।

দক্ষিণ সুরমা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়ার হাউজ পরিদর্শক টিটব শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে; তবে বাসের সব সিট পুড়ে গেছে বলে জানান তিনি।

আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশের কর্মকর্তা মোহাম্মদ সাইফুল।