যে গ্রামে রয়েছে শতশত মৌচাক
চৌদ্দঘড়ি গ্রামের একটি বিদ্যালয়ের ভবনসহ আশপাশেই রয়েছে তিন শতাধিক মৌচাক।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার এক গ্রামেই হয়েছে ছয় শতাধিক মৌচাক।
নদী বিচ্ছিন্ন নারায়ণপুর ইউনিয়নের এই চৌদ্দঘড়ি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের চারদিকের কার্নিশ, জানালার সানশেড, বারান্দাসহ ভবনের চারপাশের গাছের ডালে ডালে ঝুলছে বহু মৌচাক।
একদিকে মৌমাছির হুল ফোটানোর ভয়ে শিক্ষার্থী ও গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে, অর্থনীতিতে অবদানের প্রত্যাশা করছে কৃষি বিভাগ।
সরেজমিনে দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়ের ভবনের শুধু দ্বিতীয় তলায় বিভিন্ন অংশেই রয়েছে ছোটবড় ৬০টি মৌচাক। বিদ্যালয়ের সামনে ছোট-বড় কয়েকটি শিমুল, কাঁঠাল, আম, নারিকেল গাছে রয়েছে আরও শতাধিক মৌচাক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু চন্দ্র সেন জানান, প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মৌমাছির উপদ্রব সহ্য করতে হয়। কিন্তু এবার মৌচাকের সংখ্যা অনেক বেশি। শুধু বিদ্যালয় ভবন এবং আশপাশের গাছ মিলে তিন থেকে সাড়ে তিনশ মৌচাক বসেছে।
“শুধু বিদ্যালয়ে নয় চৌদ্দঘড়ি গ্রামের বেশ কয়েকটি বাড়িতেও বসেছে একাধিক চাক। এতে করে সব মিলিয়ে ছয় শতাধিক মৌচাক বসেছে ওই গ্রামে।”
তিনি আরও বলেন, মৌচাকের কারণে বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষকরা আতঙ্কের মধ্যে রয়েছে। পথচারীরাও মৌমাছির ভয়ে বিদ্যালয়ের সামনে দিয়ে চলাচল বন্ধ করেছে। প্রতিদিন মৌমাছি কাউকে না কাউকে তাড়া করে এবং হুল ফোটায়। এই কারণে সবাই আতঙ্কে থাকেন।
স্থানীয় বাসিন্দা মকবুল, জয়নালসহ অনেকেই জানান, চরাঞ্চলে এই সময় ব্যাপক সরিষার চাষ হয়। সরিষা ফুলের মধু সংগ্রহ করতেই প্রতিবছর নভেম্বর মাসে এখানে মৌমাছির আগমন ঘটে।
আশেপাশে বন-জঙ্গল না থাকায় এই বিদ্যালয় এবং পাশের গাছগাছালিতে মৌমাছি মৌচাক বানায়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার মৌচাকের সংখ্যা অনেক বেড়েছে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান বলে, “অসংখ্য মৌমাছি সবসময় ওড়াউড়ি করে। এসব মৌমাছি অনেক সময় হুল ফুটিয়ে দেয়। ভয়ে অনেক বন্ধু স্কুলে আসা বন্ধ করেছে। আমারও স্কুলে আসতে ভয় লাগে।”
স্কুলটির পিয়ন সোহেল রানা বলেন, “প্রতিদিন ভয়ে ভয়ে স্কুলের ক্লাস রুম খুলে দিয়ে অফিসের জানালা দরজা বন্ধ করে ভিতরে থাকি। স্কুলের বারান্দা এবং অফিসের সাথেও মৌমাছি চাক বানিয়েছে। মাঝে মধ্যে ধোঁয়া দিয়ে তাড়ানোর চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি।”
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান জানান, এবার সরিষার চাষ বেশি হওয়ায় মৌচাকের সংখ্যাও বেড়েছে। শুধু স্কুলেই নয় আশপাশের অনেক বাড়িতেও মৌচাক হয়েছে।
“এমনকি আমার বাড়িতেও ছয়টি চাক দিয়েছে। সব মিলে আমাদের এলাকায় প্রায় ৬০০ মৌচাক রয়েছে। এসব মৌচাক থেকে স্থানীয়রা মধু সংগ্রহ করলেও ক্ষতির পরিমাণটাই বেশি। বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে।”
তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি।
তবে লাভেও কথাও বলেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, “সরিষার চাষ বেড়ে যাওয়ায় মৌমাছি আসছে। আবাদ ভালো হওয়ায় চাকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। অনেক স্থানে মৌমাছি নিরাপদ স্থান ভেবে চাক বসাচ্ছে।
“আবার অনেকেই মধু সংগ্রহ করতে কৃত্রিম মৌচাক বসিয়েছেন। এসব চাক থেকে মধু সংগ্রহ করে স্থানীয়রা তা বিক্রি করেন, যা জেলার অর্থনীতিতে অবদান রাখছে।
মৌমাছিকে বিরক্ত না করলে কারো ক্ষতি করে না বলে তিনি জানান।
