নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
শিশুটি এ বছর স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তি হয়েছিল।
নারায়ণগঞ্জের ফতুল্লায় সেপটিক ট্যাংকে পড়ে সাড়ে পাঁচ বছর বয়সী এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার বিকালে কাশীপুর ইউনিয়নের উত্তর গোয়ালবন্দ ব্যাংক কলোনি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
মুশফিকা আক্তার ওই এলাকার মো. খলিলের মেয়ে। চলতি বছরের জানুয়ারিতে শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তি হয়েছিল।
স্থানীয় লোকজন জানান, নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা থাকায় ভেতরে পড়ে যায় মুশফিকা আক্তার। শিশুটির মা তাকে ভেতর থেকে বের করে আনেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নির্মাণাধীন ভবনটির মালিক মোরশেদা বেগম বলেন, দুপুর আড়াইটার দিকেও তিনি সেপটিক ট্যাংকের ঢাকনা লাগানো দেখেছেন। কেউ ঢাকনাটি চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করছেন।
“বিকাল ৪টার দিকে ঘর থেকে বেরিয়ে সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা দেখি। পরে ট্যাংকের ভেতর উঁকি দিয়ে বাচ্চা বয়সী কারও টুপি ও জুতা ভাসতে দেখি। পরে আশেপাশের লাকজনকে ডাক দেই।
“আশপাশের লোকজনের সঙ্গে কথা বলার সময় পাশের বাসা থেকে বাচ্চাটার মা বেরিয়ে আসেন। পরে টর্চলাইটের আলো জ্বেলে বাচ্চাটিতে ভাসতে দেখি। বাচ্চার মা সুখী বেগম পরে তাকে বের করে আসেন।”
এই ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রুবেল বলেন, “হৈ-চৈ শুনে তিনি বেরিয়ে আসি। বাচ্চাটিকে বের করার পর তার মুখ সাদা হয়ে গেছে দেখি। আমরা পেটে চাপ দিয়ে পানি বের করি। পরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে বাচ্চাটিকে মৃত ঘোষণা করা হয়।”
তবে ঘটনাটি শোনেননি বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু।
