২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘টাকা লুটে নিয়ে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়’

র‌্যাব জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুর থেকে ওই বালু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছিল।

‘টাকা লুটে নিয়ে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়’

র‌্যাবের হাতে গ্রেপ্তার তিনজন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 07:02 PM

Updated : 13 Oct 2022, 07:02 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক বালু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব বলছে, বালু বিক্রির টাকা লুটে নিয়ে ওই ব্যবসায়ীকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল।

বুধবার রাতে পৃথক এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার সকালে র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ এস এম মাঈদুল ইসলাম জানান।

গ্রেপ্তাররা হলেন- শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা গ্রামের আবুল কাশেম গাজী (৩৩), একই গ্রামের মো. ফখরুল ইসলাম (৫০) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের মো. ফালান (৪০)।

নিহত বালু ব্যবসায়ী মো. এনামুল হক (৩৭) ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জের চর লক্ষ্মীপুর এলাকার মো. ইসলাম উদ্দিনের ছেলে।

র‌্যাব কর্মকর্তা মাঈদুল ইসলাম জানান, ৩০ সেপ্টেম্বর শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের একটি লিচুর বাগান থেকে অজ্ঞাত হিসেবে এনামুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পরদিন শ্রীপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় নিহত যুবকের পরিচয় নিশ্চিত এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ও র‌্যাব কাজ শুরু করে।

“আলাদা অভিযানে বুধবার ময়মনসিংহের গৌরীপুর থেকে আবুল কাশেম গাজী, পাগলা থানার দত্তেরবাজার ঘাট পাগলীরচর এলাকার বালুর ট্রলার থেকে ফালান ও শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রাম থেকে ফখরুল ইসলাম মাস্টারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।”

গ্রেপ্তার আবুল কাশেম গাজী ও ফালানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ওই র‌্যাব কর্মকর্তা জানান, নিহত এনামুল হক বালু ব্যবসায়ী ছিলেন। তিনি গত ২৯ সেপ্টেম্বর সকালে বালু বিক্রির টাকা আনতে ফখরুল ইসলামের কাছে যান। সেখানে টাকা নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও এনামুলকে মারধর করেন ফখরুল।

এক পর্যায়ে এনামুল পালিয়ে খোরশেদ আলম নামের স্থানীয় এক ব্যক্তির দোকানের সামনে গেলে আবুল কাশেম গাজী ও ফালান তার (এনামুল) কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে আবার ফখরুল ইসলাম মাস্টারের কাছে নিয়ে যান। সেখানে দ্বিতীয়বার মারধর করার ফলে এনামুলের মৃত্যু হয়। পরে রাতে তারা এনামুলের লাশ একটি পিকআপে তুলে শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামে নিয়ে গলায় কাপড় বেঁধে একটি লিচু গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রাখেন।

র‌্যাব কমান্ডার জানান, আসামি কাশেম গাজীর বাড়িতে নিহত এনামুলের ব্যবহৃত মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।