২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাঙা রাস্তায় ট্রাক না চালানোয়’ ভারতীদের মারধর, ৫ ঘণ্টা অচল ভোমরা বন্দর

ট্রাক থেকে পড়ে যাওয়া পাথর কুড়ানো নিয়ে ভারতীয় শ্রমিকদের মারধরের জেরে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 09:24 PM

Updated : 18 Oct 2022, 09:24 PM

ট্রাক থেকে পড়ে যাওয়া পাথর কুড়ানো নিয়ে ভারতীয় শ্রমিকদের মারধরের জেরে পাঁচ ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সাতক্ষীরার ভোমরা বন্দর স্বাভাবিক হয়েছে।

সোমবার রাতে ভোমরা সীমান্তের বাংলাদেশ অংশে পাথরবাহী ট্রাকের কয়েকজন চালক ও শ্রমিককে মারধর করা হয়। এর জেরে মঙ্গলবার সকাল ৮টা থেকেই আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

সকালে প্রথমে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন কার্যালয়, ভোমরা সীমান্তের শূন্যরেখায় এবং পরে ভারতের ঘোজাডাঙ্গায় দুই পক্ষের বৈঠকের পর দুপুর ২টা থেকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু জানান।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, পাথরবোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের পরে খারাপ রাস্তা দিয়ে স্থলবন্দরে আসতে হয়। এ সময় ঝাঁকুনিতে প্রচুর পাথর ট্রাক থেকে পড়ে যায়। সেই পাথর কুড়িয়ে বিক্রি করে একটি চক্র; যারা আবার বন্দরেই কাজ করে থাকে।

“সোমবার রাতে এমন একটি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। তখন কিছু লোক ট্রাকের চালককে ভাল রাস্তায় না গিয়ে খারাপ রাস্তা দিয়ে যাওয়ার নির্দেশ দেয়। কারণ, তাতে পাথর বেশি পড়বে। চালক বাবলু সরদার (৪৩) তাতে রাজি না হওয়ায় ট্রাকটি থামিয়ে দেওয়া হয়। তখন ট্রাকের চালক, শ্রমিক প্রবীর সরদার, জহিরুল ও সত্য মণ্ডলসহ আট ভারতীয় নাগরিককে মারপিট করে বাংলাদেশিরা “

এর প্রতিবাদে ভারতীয় চালকেরা ট্রাক চলাচল বন্ধ করে দেয় বলে জানান মাকসুদ।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু বলেন, দুপুরে দুই দেশের ব্যবসায়ী, পুলিশ, সীমান্তরক্ষী বাহিনীসহ সংশ্লিষ্টদের সৌহার্দপূর্ণ আলোচনায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।