২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বউ-শাশুড়ি হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

“আসামিরা তাদের কুপ্রবৃত্তি চরিতার্থ করতে না পেরে বউ ও শাশুড়িকে হত্যা করে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।”

হবিগঞ্জে বউ-শাশুড়ি হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

হবিগঞ্জে রায় ঘোষণা শেষে দুই আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2023, 03:46 PM

Updated : 17 Apr 2023, 03:46 PM

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বউ-শাশুড়ি হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সালেহ আহমেদ জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আমতৈল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তালেব মিয়া (২৯) এবং হোসেনপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে জাকারিয়া আহমেদ শুভ (২৫)।

মামলার বরাতে আইনজীবী সালেহ আহমেদ জানান, ২০১৮ সালের ১৩ মে রাতে সাদুল্লাপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী আখলাক চৌধুরী গুলজারের বাড়ি থেকে ‘আগুন আগুন’ চিৎকার শুনে গ্রামবাসী ছুটে যান।

“আখলাকের বাড়িতে গিয়ে দেখেন তার মা মালা বেগম (৫০) ও স্ত্রী রুমি বেগম (২২) রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

“স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়।”

এ ঘটনার পরদিন রুমি বেগমের ভাই নবীগঞ্জ থানায় তালেব ও শুভকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

পিপি আরও জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে মামলাটির তদন্তের দায়িত্ব পান গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্ত শেষে তালেব ও শুভকে আসামি করে ২০১৮ সালের ১১ অগাস্ট তৎকালীন জেলা ডিবির ওসি শাহ আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

“আসামিরা তাদের কুপ্রবৃত্তি চরিতার্থ করতে না পেরে শাশুড়ি ও বউকে হত্যা করে বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।”

মামলায় ৩১ জনের সাক্ষগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে আরও ৫ বছরের কারাবাসের আদেশ দিয়েছে আদালত বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।