সিলেটে স্ত্রীকে হত্যার মামলায় স্বামী গ্রেপ্তার
“আট মাস আগে শিমলা ও বিশ্বজিতের বিয়ে হয়, বিশ্বজিৎ কোনো কাজ করতেন না; এটি নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য ছিল।”
সিলেটে স্ত্রীকে হত্যার অভিযোগে শুক্রবার গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এ ঘটনায় শনিবার শাহপরান থানায় হওয়া মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলা হয় বলে জানান ওসি আবুল খায়ের।
নিহত নারীর নাম শিমলা রানী নাথ (২১)। মেজরটিলা এলাকার নাথপাড়া জিতেন্দ্র দেবনাথের মেয়ে শিমলা সিলেট মহিলা কলেজে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি নয়াসড়ক এলাকার একটি দোকানেও কাজ করতেন।
অভিযুক্ত স্বামীর নাম বিশ্বজিৎ দেব নাথ (২৬)। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা, তবে স্ত্রী শিমলাকে নিয়ে মেজরটিলার নুরপুর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, আট মাস আগে শিমলা ও বিশ্বজিতের বিয়ে হয়। তবে বিশ্বজিৎ কোনো কাজ করতেন না। বিয়ের পর থেকেই স্বামীকে কাজ করার তাগাদা দিতেন শিমলা। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এর জের ধরে কিছুদিন আগে বাবার বাড়ি নাথপাড়ায় চলে যান তিনি।
মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার দুপুর দুইটার দিকে বিশ্বজিৎ স্ত্রীকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে নিতে নাথপাড়ায় শ্বশুরবাড়ি যান। সেখানে একটি ঘরে শিমলার সঙ্গে কথা বলার সময় এক পর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় শিমলাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান বিশ্বজিৎ। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা শিমলাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার রাতেই সুরমা গেইট এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিৎকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
তিনি বলেন, এ ঘটনায় শনিবার নিহত শিমলার মা শিলা দেবী বাদী হয়ে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় বিশ্বজিৎকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে ওসি বলেন, তদন্তের স্বার্থে অন্য আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না।
