২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর প্রতি সহিংসতা রোধের আহ্বান `উপজেলা চেয়ারম্যান হওয়া’ স্কুলছাত্রীর

কন্যা শিশু দিবস উপলক্ষে এক ঘণ্টার জন্য জামালপুর সদর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সৃষ্টি রাণী।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 06:10 PM

Updated : 12 Oct 2022, 06:10 PM

জামালপুর সদর উপজেলা পরিষদে এক ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেন এক স্কুলছাত্রী। এ সময় তিনি নারীর প্রতি সংহিসতা রোধে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। 

বুধবার সকাল ১১টায় সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের কাছ থেকে এক ঘণ্টার জন্য দায়িত্ব বুঝে নেন দশম শ্রেণির ছাত্রী সৃষ্টি রাণী দে। 

সৃষ্টি জামালপুর শহরের জয়ন্তী প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থী এবং ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) জেলা শাখার শিশু গবেষক। 

কন্যা শিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য প্রতীকী এই দায়িত্ব পালন করেন সৃষ্টি। ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ), বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল, অপরাজেয় বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে উপজেলাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন সৃষ্টি। মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়নসহ নারীর প্রতি সহিংসতা রোধে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হবার আহ্বান জানান তিনি। 

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন বলেন, “নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে। বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন নারীরা। আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। 

“আমরা নারীবান্ধব উপজেলা পরিষদ ও নারীর প্রতি সংহিংসতা রোধে কাজ করবো এবং এক ঘণ্টার চেয়ারম্যান সৃষ্টি রাণীর সব সুপারিশ বাস্তবায়ন করার চেষ্টা করবো”, যোগ করেন তিনি। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিটিএফের জেলা ভলান্টিয়ার মুশফিকুর রায়হান ও ফাহমিদা সুলতানা অশিন।