বজ্রপাতে ছয় জেলায় ৬ জনের মৃত্যু
টাঙ্গাইল, পঞ্চগড়, বগুড়া, ঝিনাইদহ, সুনামগঞ্জ ও সিরাজগঞ্জে এ হতাহতের ঘটনা ঘটে।
টাঙ্গাইল, পঞ্চগড়, বগুড়া, ঝিনাইদহ, সুনামগঞ্জ ও সিরাজগঞ্জে বজ্রপাতে দুই কৃষক, এক দিনমজুর, এক গৃহবধূ, এক মৎস্যজীবী ও এক কলেজছাত্র প্রাণ হারিয়েছেন। ঝিনাইদহে এক কৃষক আহতও হয়েছেন।
টাঙ্গাইলের গোপালপুর, পঞ্চগড়ের তেঁতুলিয়া, বগুড়ার শেরপুর, ঝিনাইদহের হরিণাকুণ্ডু, সুনামগঞ্জের শাল্লা ও সিরাজগঞ্জ শহরে এ ঘটনা ঘটে।
গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন ও তেতুঁলিয়া মডেল থানার ওসি আবু সাইদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
গোপালপুরের নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামের জহুর আলীর ছেলে কৃষক ফজলুল হক (৫০) এবং তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নের পুহাতুগছ গ্রামে আব্দুল গফুরের ছেলে দিনমজুর আব্দুস সালাম।
স্থানীয় বরাত দিয়ে গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, ফজলুল হক দুপুরে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামের জহুর আলীর ছেলে কৃষক ফজলুল হক (৫০)। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে যায়।
তেতুঁলিয়া মডেল থানার ওসি আবু সাইদ বলেন, ভজনপুর ইউনিয়নের পুহাতুগছ গ্রামের আব্দুল গফুরের ছেলে দিনমজুর আব্দুস সালাম মঙ্গলবার রাতে বাড়ির পাশের ভেরসা নদীতে মাছ ধরার জন্য বাঁশের ফাঁদ (ডিরই) পেতে রেখে আসেন।
বুধবার সকালে বৃষ্টির মধ্যে তিনি ওই ফাঁদ থেকে মাছ সংগ্রহ করতে যান। এ সময় বজ্রপাতে নদীর ধারেই পড়ে যান; সেখানেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান।
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামে নিহত হন গৃহবধূ ফাতেমা খাতুন (২২)। তিনি খামারকান্দি ইউনিয়নের মাগুরার তাইর খোকসাগাড়ী গ্রামের রনির স্ত্রী।
স্থানীয়রা জানান, ফাতেমার বাবার বাড়ি দিনাজপুরে। দুই মাস আগে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নে তার বিয়ে হয়।
বুধবার দুপুরে বৃষ্টির মধ্যে বিল থেকে হাঁস আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে খামারকান্দি ইউপি সদস্য মিলন হোসেন জানান, দুপুরের দিকে আবহাওয়া মেঘাছন্ন দেখে বিল থেকে হাঁস আনতে যান। তখন বজ্রপাতে তার মৃত্যু হয়।
শেরপুর থানা ওসি বাবু কুমার সাহা জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পারদখলপুর গ্রামের সাইতনতলা মাঠে বজ্রপাতে দুটি গরুসহ কৃষক গোলাম আলী (৫৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক কৃষক।
হরিণাকুণ্ডু থানার ওসি মো. আবু আজিফ স্থানীয়দের বরাতে জানান, বিকালে গোলাম আলী অন্যদের সঙ্গে মাঠে গরু চড়াচ্ছিলেন। বিকাল ৩টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়; সঙ্গে বৃষ্টিও ছিল। ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলে গোলাম আলী ও তার দুটি গরু মারা যায়।
ওসি জানান, আহত হন আরেক কৃষক আল মামুন। তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মারা যাওয়া দুটি গরুর মূল্য আনুমানিক ২ লাখ টাকা বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন, বলে ওসি আজিফ।
সুনামগঞ্জের শাল্লার বাহারা ইউনিয়নের ছায়ার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে মারা গেছেন মৎস্যজীবী লিটন মিয়া।
নিহত লিটন মিয়া সুলতানপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু জানান, সুলতানপুর গ্রামের লিটন মিয়া তার বাড়ির পাশের মাউতি বিলে মাছ ধরার সময় সন্ধ্যায় বজ্রাঘাতে আহত হন। স্থানীয়দের সহায়তায় ইউএনও সাহেব তাকে হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, “জেলা প্রশাসক স্যারের নির্দেশে নিহতের পরিবারকে আমরা তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা দিয়েছি। সুরতহাল শেষ হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
সিরাজগঞ্জ শহরে বৃষ্টির সময় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মাহমুদুর রহমান রিয়াদ (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ৩টার দিকে শহরের যমুনা নদীর তিন নম্বর ক্রসবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে সদর থানার ওসি হুমায়ুন কবির জানান।
নিহত রিয়াদ সদর উপজেলার কল্যানী গ্রামের আব্দুল আজিজের ছেলে একমাত্র ছেলে এবং সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী সহপাঠী নিয়ামুল বলেন, ৮ বন্ধু মিলে ক্রসবাধ এলাকায় ফুটবল খেলছিলেন তারা। ওই সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে রিয়াদ গুরুতর আহত হন। প্রথমে তাকে নর্থ বেঙ্গল হাসপাতাল ও পরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
নিহতের বাবা জীবন বীমা করপোরেশন সিরাজগঞ্জ শাখার ইনচার্জ আব্দুল আজিজ জানান, আহত অবস্থায় ছেলেকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, স্বজনরা হাসপাতাল থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে গেছে। ওই বজ্রপাতে আরও কয়েকজন সামান্য আহত হন।
