২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কাটল মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্তকরণের

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী জানান, বৃহস্পতিবার উদ্ধার হওয়া ৭০ শতাংশ জমির মূল্য ৩৫ কোটি টাকা।

অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কাটল মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্তকরণের

মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরের সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2024, 04:49 PM

Updated : 11 Jan 2024, 05:02 PM

মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরের দুটি প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ফলে ৩৫ কোটি টাকার সরকারি জমি উদ্ধারের পাশাপাশি বাধা কেটেছে মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্তকরণ প্রকল্পের। 

বৃহস্পতিবার সকালে সরকারি জমিতে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। 

নাজমুল হুদা জানান, দীর্ঘ দিন ধরে অবৈধভাবে সরকারি খাস জমি দখল করে রেখেছে প্লাস্টিক কনসার্ন প্রাইভেট লিমিটেড এবং পিডি লাইট স্পেশালিটি ক্যামিকেলস লিমিটেড নামের প্রতিষ্ঠান দুটি। 

এর মধ্যে গুরুত্বপূর্ণ ঢাকা-মুক্তারপুর-মুন্সীগঞ্জ সড়কের পাশের প্রয়োজনীয় জমির অধিগ্রহণের পর উন্নয়ন কাজও পুরোদমে শুরু হয়েছে। কিন্তু নোটিস দেওয়ার পরও প্রতিষ্ঠান দুটি সরকারি সম্পত্তি খালি না করে নানাভাবে সময় ক্ষেপণ করে। 

এই জমি নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশও সরকারের অনুকূলে। তাই বিধিমোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

এই বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার উদ্ধার হওয়া ৭০ শতাংশ জমির মূল্য ৩৫ কোটি টাকা। 

তিনি বলেন, সরকারি জমিটি উদ্ধারের ফলে ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে চলমান মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্তকরণ প্রকল্পের বাধা কেটেছে।