ময়মনসিংহে পুলিশের ২ মামলায় আসামি বিএনপির ৩০৮ নেতা-কর্মী
গ্রেপ্তার তিনজনকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের নান্দাইল ও হালুয়াঘাট থানা পুলিশের দুই মামলায় বিএনপির ৩০৮ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের আদেশে কারাগারে পাঠিয়েছে।
গ্রেপ্তাররা হলেন- হালুয়াঘাট পৌর স্বেচ্ছাসেবক দলের ৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক সোহেল রানা ও যুগ্ম আহ্বায়ক আল আমিন এবং নান্দাইলের মো. আউয়াল।
নান্দাইল থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার সকালে অবরোধের সমর্থনে বিএনপি নেতা-কর্মীরা মিছিল নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ওঠার সময় নান্দাইল মাজার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় মিছিল থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়।
একপর্যায়ে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ ১৭ জন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান থেকে ১০টি গুলি ও কাঁদুনে গ্যাসের তিনটি সেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে আউয়াল নামে একজনকে আটক করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নান্দাইল থানার এসআই রুবেল মিয়া বাদী হয়ে ১১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলা করেন।
বিশেষ ক্ষমতা আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মামলাটি করা হয়। গ্রেপ্তার আউয়ালকে আদালতের নির্দেশে শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
অপরদিকে, হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় বলেন, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পাকা রাস্তায় হাতবোমার বিস্ফোরণ ঘটানো ও বেআইনিভাবে একত্রিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ, সরকারি কাজে বাধা দেওয়াসহ গাড়ি ভাঙচুর করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ওসি সুমন চন্দ্র রায়ের দাবি, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় ঘটনাস্থল থেকে ছোট দুটি পোড়া পেট্রোলের বোতল, গাড়ির ভাঙা কাচের ১৫টি টুকরো, ১০টি মশাল, ১২টি ইটের টুকরো জব্দ করে পুলিশ।
এ ঘটনায় হালুয়াঘাট থানা পুলিশ বিস্ফোরক আইনে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে।
গত বৃহস্পতিবার রাতে ওই থানার এসআই মো. সাইদুজ্জামান বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে মামলাটি করেন।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি সুমন রায়।
